চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার ১৪তম সাক্ষী চিকিৎসক হাবিবুর রহমানের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ জেরা হয়। পরে আদালত ১৭ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষী চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক হাবিবুর রহমান সাক্ষ্যে উল্লেখ করেন, ময়নাতদন্তে নিহত হিমাদ্রী মজুমদারের গলায় প্রাণির পাঁচজোড়া আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া তাঁর শরীরে জখমের চিহ্নও ছিল। তাঁর হাতও ভাঙা ছিল। ওপর থেকে পড়ার কারণে তাঁর শরীরে জখম হয়েছিল। সাক্ষ্য শেষ হওয়ার পর আসামিপক্ষের আইনজীবীরা ওই চিকিৎসককে জেরা করেন।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন পর ২৩ মে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মোট ১৪ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত।