পরবর্তী সাক্ষ্য ২০ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনার বিস্ফোরক মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীসহ নয়জনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে আদালত ২০ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। নয় আসামির মধ্যে মুফতি ইজাহার পলাতক থাকলেও তাঁর ছেলে হারুন ইজাহারসহ আট আসামি আদালতে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অশোক কুমার দেব প্রথম আলোকে জানান, সাক্ষী মামলার বাদী নগরের খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম নেওয়াজকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। তাঁর জেরা শেষ হওয়ার পর জব্দ তালিকার সাক্ষী মজিদ আলী সাক্ষ্য দেন।
বাদীকে জেরাকালে আইনজীবীরা জানতে চান, উদ্ধার হওয়া আলামতে বিস্ফোরণের দাগ আছে কি না? বিস্ফোরিত গ্রেনেড ছাড়াও কোনো গ্রেনেড উদ্ধার হয়েছে কি না? উত্তরে বাদী বলেন, উদ্ধার হওয়া আলামতে বিস্ফোরণের দাগ আছে এবং অবিস্ফোরিত গ্রেনেডগুলো নগর গোয়েন্দা পুলিশ হেফাজতে রয়েছে। বাদীকে জেরা শেষ হওয়ার পর জব্দ তালিকার সাক্ষী স্থানীয় মজিদ আলী সাক্ষ্য দেন। তিনি আদালতকে বলেন, তাঁর উপস্থিতিতে পুলিশ জব্দ তালিকা তৈরি করে।