
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও সাক্ষ্য হয়নি।
গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে দিন ধার্য ছিল। পরে ৯ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রাখেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষী প্রস্তুত না থাকায় সময়ের আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করে ৯ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন। তবে সাক্ষী হিমাদ্রীর মা গোপা মজুমদার বলেন, ‘সাক্ষ্য দিতে প্রস্তুত ছিলাম।’
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এদের মধ্যে মাহাবুব আলী খান, জাহিদুল ইসলাম ও জুনায়েদ রিয়াদ পলাতক রয়েছেন।