পরবাসী হয়েও বাংলাদেশ আমার হূদয়ে

দেশভাগের পরে অনেক কাল পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তানের জগৎ আমাদের কাছে ততটা প্রত্যক্ষ ছিল না। ভাষা আন্দোলন ও তার পরের আত্মপ্রতিষ্ঠার আন্দোলনগুলোর কথা ছাত্রবয়সেই শুনতাম, কিন্তু ষাটের দশকে সেখানকার মানুষের সত্তা-পরিচয় অন্তরঙ্গভাবে সামনে এল প্রধানত শিল্পসাহিত্য-সংস্কৃতির মধ্য দিয়ে। পশ্চিমের বাঙালিয়ানার থেকে হয়তো বাহ্যত স্বতন্ত্র, কিন্তু মর্মে-মর্মে এক, সেই পূর্বের বাঙালিয়ানাকেই দূর থেকে নিকট বা আপন মনে করেছি। কলকাতার সাহিত্যপত্র-এর সম্পাদনাকালে পেছনের পাতা উল্টে পেয়েছি বিষ্ণু দের বেতার-ভাষণ ‘পূর্ববঙ্গের বাংলা’। অসীম রায় বললেন, ‘পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক জাগরণ।’ আমরা ক্রমেই টের পেয়েছি সেখানকার বাঙালির ভাষা, সাহিত্য, সংস্কৃতির সজাগ অগ্রগতির চিহ্ন।
তারপর শুরু হলো পূর্ব পাকিস্তানের বাঙালির স্বাধীনতার লড়াই। ১৯৭১-এর সেই লড়াই দূরে থেকেও আমাদের অনুপ্রাণিত করেছিল। বিশ্বের যেকোনো মুক্তিযুদ্ধেরই তো আমরা শরিক মনেপ্রাণে, আর সীমান্তের এত কাছের যে বাঙালি তার এই কষ্ট, সাহস, উদ্দীপনা আমাদের মথিত করবে না, তা কি হয়? যখন থেকে পূর্ববঙ্গের বিতাড়িত মানুষ আমাদের দেশে আশ্রয়প্রার্থী, তখন থেকেই তারা আমাদের ঘরের লোক, আমাদের আপনজন। স্বাধীনতার পরে যে-দেশ গড়তে তারা ফিরে গেল, সে-দেশের সঙ্গে আত্মীয়তা তো অনিবার্য। এই ইতিহাসের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি ও সাহিত্যের বিষয়ে আমাদের ঔৎসুক্যই শুধু নয়, অভিন্নতার বোধও বেশ নিবিড়ভাবে ঘটতে থাকল। কয়েকটি সুযোগের মধ্য দিয়ে আমরা পৌঁছে গেলাম তাদের খুব কাছাকাছি। তখনই প্রথম সম্ভব হলো বাংলাদেশের নিয়মিত খবরাখবর পাওয়া, যা বন্ধ হয়েই ছিল দীর্ঘকাল। ও-দেশের পত্রপত্রিকা, বই (সৃজনশীল ও আলোচনামূলক) বা গানের রেকর্ডে গড়ে উঠল আমাদের কারও-কারও ব্যক্তিগত সংগ্রহ। তা শুধু নিজেদের উপভোগের জন্যই নয়, আরও অনেক বন্ধু বা প্রতিবেশীর চাহিদা মেটাতে। বাংলাদেশের বই নিয়ে সম্মিলিত পাঠাভ্যাস, লেনদেন, মতামত ও রুচির বিনিময় ঘটতে থাকল অতঃপর। কিন্তু তখনো, বাংলাদেশের বই তত সুলভ ছিল না এখানে। মনে আছে, মুক্তিযুদ্ধের পরপরই একাডেমি অব ফাইন আর্টসের চত্বরের মেলায় প্রথম ব্যাপক সুযোগ মিলেছিল। তারপর তা বিস্তারিতও হলো। একসময় বাণিজ্যিকভাবেও কিছু কিছু। আজকাল তো কলকাতার কোনো কোনো বইয়ের দোকানে বা মেলায় বাংলাদেশের বই বেশ পাওয়া যায়, অন্তত আগের তুলনায়।
দ্বিতীয়ত, বাংলাদেশে যাওয়ার অবকাশ। সৌভাগ্যবশত সে-অবকাশ আমি বেশ কয়েকবারই পেয়েছিলাম। আর তখনই বন্ধুদের সহায়তায়, নিজের উদেযাগেও বাংলাদেশের বই হাতে এসেছে অনেকে, আর তা জড়ো করে এনেছি স্বদেশের উৎসাহী সহযাত্রীদের কাছে। আর সেই সঙ্গে বড় লাভ বাংলাদেশের মানুষের সাহচর্য। তাঁদের অনেকের সঙ্গেই স্থায়ী মৈত্রী। হয়তো বিভিন্ন ক্ষেত্রের মানুষই—লেখক-শিল্পী, সাংবাদিক, মননজীবী ও কর্মী। গানের জগতের লোকও কেউ কেউ। ওয়াহিদুল হক বা সন্জীদা খাতুনের ‘ছায়ানট’ এবং তাঁর অনুব্রতীরা। আমার মতো বেসুরো মানুষেরও সংগীতপ্রেমী বনে যেতে দেরি হয়নি—ঘুরে বেড়িয়েছি গানের আসরে। তারপর নাটক ও থিয়েটারের জগতের লোক। কোনো দিনই থিয়েটারের সঙ্গ যুক্ত না থেকেও শুধু শিল্পের মুগ্ধতায় বাংলাদেশের থিয়েটারের সঙ্গে জড়িত নানা দল ও ব্যক্তির সঙ্গে সৌহার্দ্যে জড়িয়ে পড়ি। সবার প্রতিই আকর্ষণ, তবু তারই মধ্যে ‘ঢাকা থিয়েটার’-এর নাসির উদ্দীন ইউসুফ ও সেলিম আল দীনের আশ্চর্য প্রতিভা আমাকে আপ্লুত করে রাখে। জয়নুল আবেদিনকে আগে থেকে জানলেও, বাংলাদেশে এসে কামরুল হাসান বা এস এম সুলতান থেকে শুরু করে শাহাবুদ্দিন আহমেদ পর্যন্ত কতজন ছবি আঁকিয়েকে নতুনভাবে চিনি। চলচ্চিত্রের নৈরাশ্যজনক পশ্চাৎভূমিতেও মোরশেদুল ইসলাম বা তানভীর মোকাম্মেল বা তারেক ও ক্যাথরিন মাসুদের আবির্ভাবও নতুন উৎসাহের জোগান দেয়। আর সাহিত্য তো পাশে পাশে থাকেই গভীরভাবে। সৈয়দ ওয়ালীউল্লাহ, হাসান আজিজুল হক, আখতারুজ্জামান ইলিয়াসের গল্প-উপন্যাস; শামসুর রাহমান, আল মাহমুদ, শহীদ কাদরীর কবিতা; সৈয়দ শামসুল হক বা সেলিম আল দীনের নাটক—এ সমস্তই দুই বাংলারই এখন সম্পদ। তবে সেখানেই থেমে থাকে না—শিল্পসাহিত্যের প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন নির্মাতাকে চিনে নিই। আর সেই উপার্জন নিয়ে দাঁড়াই পশ্চিমবঙ্গের সহপাঠী বন্ধুদের সঙ্গে আলাপে।
শুধু শোনা কথার বিবরণে নয়, কলকাতায় বা মফস্বলে এই নতুন নতুন সৃজনী উদেযাগের শরিক হওয়ার চেষ্টা করি—অনেকে মিলে বাংলাদেশের নতুন সংস্কৃতির ভাগ নিতে চাই। তাই তো আমাদের প্রযোজনায় সন্জীদা খাতুনের রাবীন্দ্রিক ‘বর্ষার গান’ অনুষ্ঠিত হয় কলকাতার কলাকুঞ্জে—সঙ্গে থাকেন শঙ্খ ঘোষ বা দেবেশ রায় বা সুভাষ চৌধুরীরাও। তাঁর সঙ্গে নবীনা মিতা, লিসা, অদিতি কিংবা বুলবুল-ময়নাকে নিয়েও ঘরোয়া মিলনভূমিতে মেতে থাকি। আমার বাড়ির দোতলার হলঘরে এপার-ওপারের বন্ধুদের আসর বসে।
এভাবেই বাংলাদেশের বিভিন্ন বয়সের ও পছন্দের বন্ধুরা আসেন কলকাতায়। শুধু চিকিৎসা বা ভ্রমণেই নয়, পশ্চিমবঙ্গ বা কলকাতাকে দেখার ইচ্ছেতে। কেউ কেউ জানান, অমুক লেখকের সঙ্গে দেখা করব, কিংবা কলেজ স্ট্রিটের বইপাড়ায় ঘুরব, উনিশ শতকের কলকাতার স্থাপত্যচিহ্নগুলো চোখে দেখব। একসময় আমার বাড়িটা হয়ে ওঠে এই নবলব্ধ বন্ধুদের আবাসস্থল, বা বলা যায় মিলবার জায়গা। প্রায়ই দিনে-রাতে দুই বাংলার আড্ডা বসে। মজা করে বন্ধুদের মুখে তার নাম হয় ‘বাংলাদেশ ভবন’।
কলকাতায় বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতির সঙ্গে বিনিময়ের কাজে আরও নানা দিক থেকেই সংলগ্নতা তৈরি হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের পাঠক্রমে যখন বাংলাদেশের সাহিত্যও ঢুকে পড়ে, একটি পত্রে বিকল্প পঠনের প্রয়োজনে, তখন দেখেছি কী উৎসাহ ছাত্রদের মধ্যে। সে-দেশের সামাজিক-রাজনৈতিক পটভূমি থেকে শুরু করে তার সাহিত্যের সব দিকের চর্চায়। এই আকর্ষণ শুধু অগ্রসর কয়েকজনের মধ্যেই নয়, কলকাতা বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়নে ভিড় দেখে বোঝা যায়, টানটা কত দূর প্রসারিত! এ রকম বাৎসরিক ব্যবস্থাতেই নয় শুধু, প্রায়ই তথ্যকেন্দ্রের মেলায় সমাদরের প্রমাণ পাওয়া যাচ্ছে আজকাল। বাংলাদেশের উপ-হাইকমিশনের ডাকে নানা উৎসবে সাধারণ মানুষও একত্র হন—ঢাকাই খাওয়াদাওয়া বা জামদানি শাড়ির বিপণনও বাদ পড়ে না। বিভিন্ন আলোচনা সভায় বাংলাদেশের লেখকেরা, একেক বিষয়ের বিশেষজ্ঞরা বক্তৃতা দেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সময়ই বাংলাদেশের কত আগ্রহের বিষয়কে বলতে বা শুনতে বা বিনিময় করতে দেখেছি দুই দেশের অধ্যাপক ও ছাত্রদের মধ্যে। স্নাতক কলেজগুলোতেও বাংলাদেশের লেখালেখি নিয়ে ইউজিসি অনুমোদিত সেমিনারে উৎসুক ছাত্রদের সামনে কথা বলতে গেছি—তা সে ডায়মন্ড হারবারেই হোক কিংবা বারাসাতে বা বর্ধমানে।
বয়সের কারণে প্রত্যক্ষ যোগাযোগ কমে এলেও মনের মধ্যে বাংলাদেশ, তার সমাজ, রাজনীতি ও জীবনযাপন কিংবা সংস্কৃতি তুমুল আলোড়ন তোলে এখনো। বাংলাদেশের বই বা পত্রপত্রিকা কিংবা নতুন গানের বা চলচ্চিত্রের রেকর্ডেড ডিস্ক হাতে এলে এখনো পুলকিত হই। এখনো প্রতিদিন ই-মেইলে বাংলাদেশের দৈনিক বিশেষত বাংলায় প্রথম আলো বা ইংরেজিতে দ্য ডেইলি স্টার-এর পাতা—না খুললে স্বস্তি পাই না।
এভাবেই পরবাসী হয়েও বাংলাদেশ আমার হূদয়ে!
আর এর মধ্যেই গাঢ়তা পায় বাংলাদেশ সম্পর্কে আমার উপলব্ধি: যদিও প্রগতি ও প্রতিক্রিয়ার দ্বন্দ্বে এই দেশের মানুষও, আমাদের দেশের মানুষের মতোই, দিশেহারা—মাঝেমধ্যেই তারা পিছিয়ে পড়ে, প্রতিক্রিয়ার শক্তি বড় হয়ে ওঠে—তবু তো তাকে ছাপিয়ে পুনর্জাগরণের সত্যই প্রধান। তাদের সব কাজ ও ভাবনার মধ্যে, সৃজনের মধ্যে, যে-প্রতিবাদী চেতনা উঠে আসে বারবার, তার পরিচয়েই বাংলাদেশ সম্পর্কে আমার অভিজ্ঞতা সজীব।