পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সই করবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন ৭২তম অধিবেশন চলাকালীন পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সই করবে বাংলাদেশ। এ জন্য এই অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটির অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সই করবেন। আর জাতিসংঘের পক্ষে সই করবেন সংস্থাটির মহাসচিব।

মোহাম্মদ শফিউল আলম বলেন, ১২২টি দেশে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সমর্থন জানিয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিমান চলাচলের বিষয়ে ইতিমধ্যে করা চুক্তিটি সংশোধন করে নবায়নের বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া সভায় টেকসই উন্নয়নে অভীষ্ট অর্জনের বিষয়ে সরকারের প্রস্তুতি মন্ত্রিসভাকে অভিহিত করা হয়।

বৈঠকে ‘সালাম সালাম হাজার সালাম’, ‘ওরে নীল দরিয়া’সহ বিখ্যাত অনেক গানের শিল্পী মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের মৃত্যুতে শোক প্রকাশ করে মন্ত্রিসভা।