পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সই করবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন ৭২তম অধিবেশন চলাকালে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সই করবে বাংলাদেশ। এ জন্য এই অনুসমর্থনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গতকাল সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটির অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সই করবেন। আর জাতিসংঘের পক্ষে সই করবেন সংস্থাটির মহাসচিব। ১২২টি দেশ এই চুক্তিতে সমর্থন জানিয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিমান চলাচলের বিষয়ে ইতিমধ্যে করা চুক্তিটি সংশোধন করে নবায়নের বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। বিমান চলাচল নিয়ে এই দুই দেশের মধ্যে প্রথম ১৯৮৮ সালে দ্বিপক্ষীয় চুক্তি সই হয়।

মন্ত্রিসভায় উপস্থিত একজন মন্ত্রী প্রথম আলোকে বলেন, বিমানের এই চুক্তি নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানের টিকিট নিয়ে সৃষ্ট সমস্যায় অসন্তোষ প্রকাশ করেন। ওই মন্ত্রী বলেন, অনেক সময় বিমানের টিকিটের দায়িত্বে থাকা ব্যবস্থাপকেরা বিমানের আসন থাকার পরও গ্রাহকদের বলেন টিকিট নেই। অভিযোগ আছে, কোনো কোনো ব্যবস্থাপক অন্য বিমান সংস্থার সঙ্গে আঁতাত করে এমনটি করে থাকেন। এর ফলে দেখা যায়, আসন খালি নিয়ে বিমান ছাড়তে হয়। প্রধানমন্ত্রী সমস্যাটি উল্লেখ করে সমাধান করতে বলেছেন।

সভায় টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের বিষয়ে সরকারের প্রস্তুতি মন্ত্রিসভাকে অভিহিত করা হয়। সচিব বলেন, এই অভীষ্ট অর্জনে বাংলাদেশ অনেক দেশের চেয়ে এগিয়ে আছে।

বৈঠকে ‘সালাম সালাম হাজার সালাম’সহ অনেক বিখ্যাত গানের শিল্পী মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের মৃত্যুতে শোক প্রকাশ করে মন্ত্রিসভা।