পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বাস্তবায়নে সংসদে প্রস্তাব গৃহীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বাস্তবায়নে গতকাল সোমবার জাতীয় সংসদে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। স্পিকার আবদুল হামিদ প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন। আগামী মে মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠেয় পরমাণু অস্ত্র বিস্তার রোধ (এনপিটি) পর্যালোচনা সম্মেলনকে সামনে রেখে এই প্রস্তাব গৃহীত হলো। জাতিসংঘের মহাসচিব বান কি মুন সম্প্রতি জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো এক চিঠিতে পরমাণু অস্ত্র বিস্তার রোধে প্রতিটি দেশের সংসদ ও সাংসদদের ভূমিকা রাখার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে স্পিকার গতকাল বান কি মুনের চিঠির বিষয়ে সংসদকে অবহিত করেন।প্রস্তাবে বলা হয়, পরমাণু অস্ত্রের পেছনে বছরে যে টাকা ব্যয় করা হয়, তা না করে সেই টাকা জাতিসংঘের সহস্রাব্দ লক্ষ্য অর্জন ও পরিবেশের কারণে বিপর্যস্ত দেশগুলোর উন্নয়নে ব্যয় করা সমীচীন। প্রস্তাবে পরমাণু নিরস্ত্রীকরণ, অস্ত্র বিস্তার রোধ ও পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়। পরে এ সংক্রান্ত প্রস্তাবটি স্পিকার ভোটে দিলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। তবে এ সময় প্রধান বিরোধী দলের সদস্যরা অনুপস্থিত ছিলেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন-২০১০ পাস: জাতীয় সংসদে গতকাল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন-২০১০ পাস হয়েছে। এ আইন পাসের ফলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিষ্ঠানগুলো একটি নির্বাহী পরিষদের মাধ্যমে পরিচালিত হবে এবং বিদ্যমান বেশ কিছু প্রতিষ্ঠান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মর্যাদা পাবে। তথ্য ও সংস্কৃতিবিষয়কমন্ত্রী আবুল কালাম আজাদ বিলটি সংসদে উত্থাপন করেন। পরে তা কণ্ঠ ভোটে পাস হয়। আইনটির উদ্দেশ্য সম্পর্কে মন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং ঐতিহ্য সংরক্ষণ ও সংস্কৃতি বিকাশের স্বার্থে প্রয়োজনীয় বিধান প্রণয়নের জন্য আইনটি জরুরি। বিলটি পাসের ফলে এ ধরনের সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ৮০ শতাংশ কর্মকর্তা ও কর্মচারী স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মধ্য থেকে নিয়োগ হবে। বিদ্যমান নেত্রকোনার কালচারাল একাডেমি বিরিশিরি, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সাংস্কৃতিক ইনস্টিটিউট, কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্র, রাজশাহীর কালচারাল একাডেমি, মৌলভীবাজারের ললিতকলা একাডেমি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে।বিলে ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শ্রেণীর জনগণের নাম উল্লেখ করা হয়েছে। এগুলো হলো চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা, বম, পাংখোয়া, চাক, খিয়াং, খুমি, লুসাই, কোচ, সাঁওতাল, ডালু, উসাই (উসুই), রাখাইন, মণিপুরি, গারো, হাজং, খাসিয়া, মং, ওরাও, বর্মণ, পাহাড়ি, মালপাহাড়ি, মুণ্ডা ও কোল।