পরমাণু শক্তি কমিশনের তদারকির সামর্থ্য নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য তিনটি অপরিহার্য উপাদান হচ্ছে—প্রকল্প ব্যবস্থাপনা দল, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও বিদ্যুৎকেন্দ্রের পরিচালন দল। এর প্রতিটি দলে পরমাণু শক্তি ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে অভিজ্ঞ পেশাজীবী দরকার। কিন্তু বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে (বিএইসি) তেমন লোকের সংখ্যা হাতে গোনা।

প্রাথমিক পর্যায় থেকে প্রকল্পের সার্বিক তত্ত্বাবধান করবেন মূলত বিএইসির বর্তমান পেশাজীবীরা। অথচ সেখানে পরমাণু প্রকৌশলী ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে বিশেষায়িত জ্ঞানসম্পন্ন পেশাজীবীর সংখ্যা খুবই কম। প্রকল্প পরিচালক শৌকত আকবর নিজেও এ বিষয়ের লোক নন। এমনকি যে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হয়েছে, সেখানেও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে অভিজ্ঞ লোক নেই।

বিএইসিতে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও সমমানের কর্মকর্তা আছেন ৭৩ জন। তাঁদের মধ্যে জ্যেষ্ঠতার হিসাবে (সেপ্টেম্বর ২০১২-এর তালিকা অনুযায়ী) প্রকল্প পরিচালকের অবস্থান ৬৮ নম্বরে। ওই ৭৩ জনের মধ্যে মাত্র পাঁচজন কর্মকর্তা আছেন পরমাণু প্রকৌশল, রি-অ্যাক্টর ফিজিক্স ও নিউক্লিয়ার ফিজিক্সে উচ্চশিক্ষিত। জ্যেষ্ঠতার তালিকায় তাঁদের ক্রমিক নম্বর ৪, ৯, ২১, ৩১ ও ৩৮।

বিএইসিতে মুখ্য বৈজ্ঞানিক ও সমমানের কর্মকর্তা আছেন আরও ৭৩ জন। তাঁদের মধ্যেও মাত্র পাঁচজন পাওয়া যায় পরমাণু প্রকৌশল ও সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষিত। তাঁদের জ্যেষ্ঠতার ক্রমিক নম্বর ৫০, ৬১, ৬২, ৭০ ও ৭৩।

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং বিএইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন সময়ে বলেছেন, প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্য থেকেই দক্ষ জনবল গড়ে তোলা হবে। সেই লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হয়েছে।

প্রকল্প পরিচালক প্রথম আলোকে বলেন, বিএইসির শীর্ষস্থানীয় কর্মকর্তারা প্রকল্প ব্যবস্থাপনা দলের সদস্য হিসেবে রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছেন। টেকনিশিয়ান পর্যায়ের প্রশিক্ষণ হবে রূপপুরে আগামী অক্টোবরে শুরু হওয়া সমীক্ষার মাধ্যমে।

বিদ্যুৎকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ দলের সদস্যদের নিয়োগ দেওয়া হবে বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণকাজ শুরুর দুই বছর আগে। নিয়োগের পর এ দলের বিভিন্ন পর্যায়ের সদস্যদের তিন থেকে চার বছরের প্রশিক্ষণ দেওয়া হবে।

সূত্র জানায়, বিএইসির শীর্ষস্থানীয় যে কর্মকর্তারা প্রকল্প ব্যবস্থাপনা দলের সদস্য হিসেবে রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁরা সবাই নিজ নিজ ক্ষেত্রে মেধাবী। কিন্তু তাঁরা পরমাণু প্রকৌশলী কিংবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়ের পেশাজীবী নন।

এ প্রসঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাবেক পরিচালক (তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণ) জসীমউদ্দিন আহমেদ বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য যে ধরনের বিশেষায়িত পেশাজীবী দরকার, তা যে কাউকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা সম্ভব নয়। কোনো দেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করার চিন্তা যখন শুরু করে, তখন থেকেই জনবল তৈরির কাজও শুরু করে। কারণ, জনবলই হচ্ছে মৌলিক বিষয়।

এই পরমাণু বিজ্ঞানী বলেন, ২০০৯ সালের মাঝামাঝি সময়ে যখন প্রকল্পের প্রস্তুতিমূলক কাজ শুরু করা হয়, তখনই তাঁরা বলেছিলেন পরমাণু শক্তির বিভিন্ন শাখায় উচ্চশিক্ষিত লোক বিএইসিতে নিয়োগের জন্য। কিন্তু তা না করায় ভবিষ্যতে দেশীয় পেশাজীবীদের দিয়ে প্রকল্পটি পরিচালনা অনিশ্চিত হয়ে পড়েছে।

 অভিজ্ঞতায় দেখা যায়, দেশের বড় প্রকল্পগুলোতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলার বিধান ছিল। এ জন্য অর্থ বরাদ্দ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা প্রকল্পের দায়িত্ব নিতে পারেননি। বড়পুকুরিয়া কয়লাখনি প্রকল্প এর বড় উদাহরণ। প্রশিক্ষণ দিয়ে জনবল গড়ে তালার পরও প্রায় আট বছর ধরে বিদেশি কোম্পানিকে খনি উন্নয়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগ দিয়ে রাখতে হয়েছে।

মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পেও কয়েক দিন আগে নতুন একটি কোম্পানিকে নিয়োগ করা হয়েছে উন্নয়ন ও পরিচালনার জন্য। চট্টগ্রামের রাউজান বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার পর প্রায় ১০ বছর চালাতে হয়েছে চীনের প্রকৌশলীদের রেখে।

বিএইসির সাবেক প্রধান প্রকৌশলী আবদুল মতিন বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জনবল তৈরি করতে চারটি পদক্ষেপ নিলে সুফল পাওয়া যেতে পারে। এক. বিদেশে অবস্থানরত বাংলাদেশি অভিজ্ঞ পরমাণু প্রকৌশলীদের এই প্রকল্পে নিয়োগ করা। দুই. দেশের প্রচলিত বিদ্যুৎকেন্দ্রগুলো পরিচালনা করছেন যে প্রকৌশলীরা, তাঁদের নিয়োগ করে পরমাণু প্রকৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া। তিন. বিএইসির প্রকৌশলীদের পারমাণবিক ও প্রচলিত বিদ্যুৎকেন্দ্র পরিচালনার প্রশিক্ষণ দেওয়া। চার. নতুন মেধাবী প্রকৌশলীদের নিয়োগ দিয়ে পরমাণু প্রকৌশলবিদ্যায় প্রশিক্ষণ দেওয়া।

পরমাণু শক্তি নিয়ে কাজ করেছেন সরকারি-বেসরকারি পর্যায়ের এমন কয়েকজন জ্যেষ্ঠ পেশাজীবী বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) যে ১৯টি মাইলফলক নির্দেশনা পূরণ করা বাধ্যতামূলক, তার প্রধানটিই হচ্ছে দক্ষ জনবল। দক্ষ জনবলই প্রকল্পটি সার্বিকভাবে বুঝে নিয়ে যথাযথভাবে পরিচালনা করতে পারে। কিন্তু রূপপুর প্রকল্পের ক্ষেত্রে সেই কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।