পরমাণু শক্তি নিয়ন্ত্রণ বিল সংসদে উত্থাপন
বিদেশি অপারেটরদের পারমাণবিক দুর্ঘটনা-সম্পর্কিত দায়ের আওতায় রেখে গতকাল রোববার জাতীয় সংসদে ‘বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ বিল, ২০১২’ উত্থাপিত হয়েছে। প্রস্তাবিত আইনে প্রযুক্তি চুরি এবং গুপ্তচরবৃত্তির জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বিলটি উত্থাপন করেন। পরে বিলটি সাত দিনের মধ্যে যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন প্রবর্তন হলে বাংলাদেশে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের পথ প্রশস্ত হবে। এতে রাশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী, পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজ ত্বরান্বিত হবে। বিলের ৪৩ ধারায় বলা হয়েছে, এই আইনের বিধানাবলি সাপেক্ষে যেখানেই ক্ষতি সংঘটিত হোক না কেন, নিউক্লীয় স্থাপনার অপারেটর বা বিদেশি অপারেটর কেবল নিউক্লীয় ক্ষতির জন্য দায়ী হবে। তবে প্রমাণিত হতে হবে যে ওই ক্ষতি অপারেটর বা বিদেশি অপারেটর কর্তৃক পরিচালিত নিউক্লীয় স্থাপনায় কোনো ঘটনার ফলে সংঘটিত হয়েছে। কোনো পদার্থ চুরি হলে তার দায়ও সর্বশেষ অপারেটরের ওপর বর্তাবে।৫৩ ধারায় বলা হয়েছে, এই আইনের অধীনে অনুমোদন গ্রহণ করা ব্যক্তি বিধিনিষেধ লঙ্ঘন করলে সর্বনিম্ন এক বছর ও সর্বোচ্চ সাত বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন। বিলে নিউক্লীয় স্থাপনায় চুরি বা গুপ্তচরবৃত্তির শাস্তিও উল্লেখ করা হয়েছে।বিলে বলা হয়েছে, একজন চেয়ারম্যান এবং চারজন সদস্য নিয়ে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন হবে। কর্তৃপক্ষের কাজ হবে নিউক্লীয় নিরাপত্তা, বিকিরণ সুরক্ষা, সিকিউরিটি, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ এবং ভৌত সুরক্ষা-সম্পর্কিত বিধান যথাযথভাবে পালন হচ্ছে কি না, তা নিশ্চিত করা। মাটি, পানি ও বায়ু এবং মানুষ ও জীবজন্তুর আহার জাতীয় বস্তুর ওপর তেজস্ক্রিয়ার মাত্রা নির্ধারণও কর্তৃপক্ষের কাজ হবে।এ ছাড়া গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের জন্য প্রণীত অধ্যাদেশ এবং পণ্য উৎপাদনশীল শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের চাকরির শর্ত নির্ধারণের জন্য গঠিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন, ২০১০-এর সুপারিশ বাস্তবায়নের জন্য প্রণীত অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়।পরে সংসদের অধিবেশন আজ সোমবার বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।