পরমাণু, পারমাণবিক শক্তি—এসব নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। কিন্তু এসব বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগের অভাব আছে। সেই অভাব কিছুটা পূরণের উদ্যোগ নিয়েছে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ নভোথিয়েটারে স্থাপিত পরমাণু শক্তি তথ্যকেন্দ্রে একই সঙ্গে শিক্ষা ও বিনোদনের ব্যবস্থা করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নভোথিয়েটারের সামনে সারি দিয়ে দাঁড়িয়ে ছিল অনেক ছেলেমেয়ে। জানা গেল, এরা সবাই রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, সংখ্যায় ২১৮ জন। শিক্ষার্থীদের এখানে বাসে করে এনেছে নভোথিয়েটার কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা গেল, আগে যোগাযোগ করা হলে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিনা খরচে বাসে করে আসতে পারবে এখানে। এ ব্যবস্থা নতুন।
শিক্ষার্থীরা বেলা দুইটায় প্ল্যানিটেরিয়ামে প্রথমে ‘মিশন টু ব্ল্যাক হোল’ ও ‘এই আমাদের বাংলাদেশ’ উপভোগ করে। এরপর পরমাণু শক্তি তথ্যকেন্দ্র ঘুরে দেখে তারা। এই কেন্দ্রে অ্যানিমেটেড মুভি, ডসিমিটার (শরীরে তেজস্ক্রিয়া পরিমাপের যন্ত্র) ছাড়া আরও অনেক যন্ত্র রয়েছে। এগুলো সবার জন্য উন্মুক্ত।
দোতলায় দুটি প্রশস্ত কক্ষে তথ্যকেন্দ্রের সব সরঞ্জাম। যেখানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রেপ্লিকা রয়েছে। যাঁরা সেখানে যাবেন, তাঁরা নিজের শরীরের তেজস্ক্রিয়ার মাত্রা জানতে পারবেন। ভেতরের কক্ষটিতে রয়েছে দেয়ালজোড়া একটি পর্দা। সেই পর্দায় প্রজেক্টরের সহায়তায় শিক্ষার্থীদের দেখানো হলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে যাবতীয় সাধারণ তথ্য।
পর্দার সামনে ছয়টি টেবিলে একসঙ্গে ৩৬ জন বসে বোতাম চেপে কম্পিউটারে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিভিন্ন প্রশ্ন করে জবাব পাওয়ার ব্যবস্থা আছে। বিরক্ত মুখে বসে থাকা সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফরাজ হোসেন বলে, ‘বেশির ভাগ টেবিলে টাচপ্যাড অকেজো। আমি প্রশ্ন করতে পারছি না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা আহমেদ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী কেন্দ্র এটি। তবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে তথ্য নেই৷ অথচ দেশের সব মানুষের মধ্যে রূপপুর সম্পর্কে জানার আগ্রহ আছে।’ তিনি বলেন, বিদ্যালয়ের পক্ষ থেকে এক ঘণ্টার প্ল্যানিটেরিয়াম প্রদর্শনীর খরচ বহন করা হয়েছে। আর নভোথিয়েটার কর্তৃপক্ষ যাতায়াতের ব্যবস্থা করেছে।
তথ্যকেন্দ্রের পরিচালক আরশাদ হোসেন বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আওতায় এ তথ্যকেন্দ্র করা হয়েছে। এ কেন্দ্র দেখার জন্য দর্শনার্থীদের আলাদা করে টাকাপয়সা লাগবে না।