পরমাণুশক্তি নিয়ন্ত্রণ বিল পাস, ফজলুল আজিমের ওয়াকআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক দুর্ঘটনা-সম্পর্কিত দায়-এর আওতায় বিদেশি অপারেটরদের অন্তর্ভুক্ত করে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘বাংলাদেশ পরমাণুশক্তি নিয়ন্ত্রণ বিল, ২০১২’ পাস হয়েছে। এ আইনে প্রযুক্তি চুরি এবং গুপ্তচরবৃত্তির জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বিলটি উত্থাপন করেন। এরপর বিলটি কণ্ঠভোটে পাস হয়। বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। বিলের ওপর ১০টি সংশোধনী প্রস্তাব দেন স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম। এর ওপর বক্তব্যকালে বরাদ্দ করা সময় শেষ হওয়ার আগেই মাইক বন্ধ হয়ে গেলে তিনি ওয়াকআউট করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আলী আশরাফ।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, পরমাণুশক্তি নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করা হলে বাংলাদেশে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের পথ প্রশস্ত হবে। এতে রাশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজ ত্বরান্বিত হবে। বাংলাদেশের পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণের জন্য একটি স্বাধীন পরমাণুশক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং নিউক্লীয় দায় ও পরিধি নির্ধারণসংক্রান্ত বিধান করার জন্য আইনটি করা প্রয়োজন।এরপর সংসদের অধিবেশন আগামী রোববার বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।