পররাষ্ট্র দপ্তরকে আরও সক্রিয় হওয়ার আহ্বান ১৪ দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের ঘটনাকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মনে করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। তারা বলছে, বাংলাদেশ এই ষড়যন্ত্রের শিকার। তাই এ পরিস্থিতি মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে ১৪ দল।

গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দলের সভায় নেতারা এসব কথা বলেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। সূত্র জানায়, বৈঠকে নেতারা রোহিঙ্গাদের ফেরাতে চাপ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে ভারত ও চীনের ভূমিকা হতাশাজনক। তাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে দুটি দেশের অবস্থান বদলাতে কূটনৈতিক তৎপরতাও চালাতে হবে। বৈঠকে একটি দলের সভাপতি বলেন, রোহিঙ্গা ইস্যুতে জামায়াতে ইসলামীর কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা উচিত। গতকালের সভায় সভাপতিত্ব করেন তরীকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি। সভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ১৪ দলের সমন্বয়কারী ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।