পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলমসহ রাজশাহীতে আট বিশিষ্টজনকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। আনসার আল ইসলাম নামের একটি সংগঠনের প্যাডে লেখা চিঠিটি গতকাল সোমবার সকালে স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে পৌঁছায়। রংপুরের নয়টি চার্চসহ দশটি প্রতিষ্ঠানের প্রধানকে হুমকি দিয়ে চিঠি পাঠানোর পাঁচ দিন পর রাজশাহীতে আটজনকে হুমকি দিয়ে এ চিঠি পাঠানো হলো।
রাজশাহীতে হত্যার হুমকি দিয়ে পাঠানো চিঠিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানউদ্দিন, কথাশিল্পী হাসান আজিজুল হক, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবুল হায়াত, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলীর নাম আছে।
আনসার আল ইসলাম (আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ) নামের একটি সংগঠনের প্যাডে লেখা হত্যার হুমকির চিঠিটি ডাকযোগে গতকাল সকালে সানশাইন পত্রিকার কার্যালয়ে পৌঁছায়। চিঠির ওপরে লেখা হয়েছে ‘রাজশাহী শহরে আমাদের টার্গেটসমূহ’। শুরুতে লেখা হয়, ‘আমাদের বাংলাদেশ শাখার উপশাখা রাজশাহী অঞ্চলে আমাদের কার্যক্রম শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আমরা রাজশাহী অঞ্চলে... দুশমনদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছি।’ এরপরে আট বিশিষ্ট ব্যক্তির নাম লেখা হয়েছে।
চিঠির নিচে আনসার আল ইসলাম (আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ) প্রধান হিসেবে মুফতি আবদুল্লাহ আশরাফ ও রাজশাহী অঞ্চলের স্থানীয় প্রধান নির্দেশক হিসেবে রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া চিঠির খামে প্রেরক হিসেবে অধ্যাপক আবু সিদ্দিকের নাম ব্যবহার করা হয়েছে।
স্বাক্ষর ছাড়া নাম উল্লেখ থাকার বিষয়ে অধ্যক্ষ হবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এগুলো ফেক। আমাকে বেকায়দায় ফেলতে কোনো চক্র আমার নাম ব্যবহার করে থাকতে পারে।’
পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার বলেন, ‘এগুলো মিথ্যাও হতে পারে। তবে সত্য হোক আর মিথ্যা হোক, এগুলোকে কম গুরুত্ব দিয়ে দেখার সুযোগ নেই।’ এ ব্যাপারে ফোনে যোগাযোগের চেষ্টা করে এ এইচ এম খায়রুজ্জামানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।