পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সংসদীয় কমিটি কৈফিয়ত চেয়েছে
আগে থেকে নির্ধারিত থাকা সত্ত্বেও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে অংশ নেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য সংসদীয় কমিটির বৈঠকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে এবং কমিটি এ বিষয়ে মন্ত্রণালয়ের কাছে কৈফিয়ত তলব করেছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে গতকাল সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র জানায়, বৈঠকের আলোচ্যসূচিতে ধর্ম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্প অন্তর্ভুক্ত ছিল। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি বৈঠকে উপস্থিত হননি। এ নিয়ে কমিটির সদস্যরা অসন্তোষ প্রকাশ করেন। এর মাধ্যমে মন্ত্রণালয় সংসদীয় কমিটির প্রতি অবজ্ঞা প্রকাশ করেছে বলেও সদস্যদের কেউ কেউ মন্তব্য করেন। জানতে চাইলে কমিটির সভাপতি মোহাম্মদ আলী আশরাফ প্রথম আলোকে বলেন, বৈঠক এবং বৈঠকের আলোচ্যসূচি পূর্বনির্ধারিত। কিন্তু বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি আসেননি। এজন্য কমিটি মন্ত্রণালয়ের কাছে কৈফিয়ত তলবের সিদ্ধান্ত নিয়েছে। কমিটির সদস্য ও বিএনপির সাংসদ রাশেদা বেগম সাংবাদিকদের বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক নয়। জবাবদিহি এড়ানোর জন্যই তাঁরা কমিটির বৈঠকে আসেননি।’আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আবদুল কুদ্দুস, রাশেদা বেগম, বি এম মোজাম্মেল হক ও খালিদ মাহ্মুদ চৌধুরী অংশ নেন।