পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতা কাটছাঁট হচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে দায়িত্ব পালনের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে ঢালাওভাবে অসহযোগিতার অভিযোগ করে আসছে বিভিন্ন মন্ত্রণালয়। এবার বিদেশে মিশনগুলোতে একাধিক ব্যাংক হিসাব খোলা আর অন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে রাখার পক্ষে মত দিচ্ছে একাধিক মন্ত্রণালয়।

কাল বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বিষয়গুলো নিয়ে আলোচনার কথা রয়েছে।

বাংলাদেশের সাবেক কূটনীতিকদের মতে, এভাবে মিশন প্রধানের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব সীমিত করার উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতা খর্ব করার নতুন পাঁয়তারা।
জানতে চাইলে সাবেক পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেন বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, একজন রাষ্ট্রদূত কিংবা হাইকমিশনার রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে একটি দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সেখানে তাঁর আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা সীমিত করার এমন ভাবনা মিশনে দ্বৈত শাসনের পরিস্থিতি সৃষ্টি করবে। আর এটি ঘটলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাস ছয়েক আগে বাণিজ্যিক উইংগুলোর পক্ষে দূতাবাসের আলাদা ব্যাংক হিসাব খোলার প্রস্তাব করা হয়। অথচ স্বাধীনতার পর থেকেই বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে একক ব্যাংক হিসাব রয়েছে, যা মূলত অর্থ মন্ত্রণালয়ের হিসাব বলে বিবেচিত। এরপর মাস তিনেক আগে মিশনগুলোতে সেবা সহজীকরণের নামে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে মিশনের আর্থিক ক্ষমতার পাশাপাশি প্রশাসনিক ক্ষমতা শিথিল করার প্রস্তাব দেওয়া হয়। মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সেটি ভেস্তে যায়।
এবার মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে মিশনগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতা শিথিল করার নতুন উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে গত ১৫ জানুয়ারি মিশনে কর্মরত অর্থনৈতিক, বাণিজ্যিক, শ্রম, পাসপোর্ট, তথ্য ও ধর্ম অণু বিভাগের কর্মকর্তাদের ঢাকায় ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত বৈঠকে অংশ নেওয়ার নির্দেশ দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। লক্ষণীয় বিষয় হলো, সুরক্ষা সেবা বিভাগ, বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, ধর্ম বিষয়ক ও তথ্য মন্ত্রণালয়ের সচিবকে ওই চিঠি দেওয়া হলে তালিকা থেকে বাদ যায় পররাষ্ট্র মন্ত্রণালয়। অথচ এই মন্ত্রণালয়ের অসহযোগিতার অভিযোগ কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে। অবশ্য ৩১ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে ৮ ফেব্রুয়ারি বেলা ১২টায় অনুষ্ঠিত বৈঠকে যোগ দিতে চিঠি দেওয়া হয় পররাষ্ট্রসচিবকে।
বিদেশে কর্মরত বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিশন পরিচালনার অপরিহার্য নীতি হচ্ছে, প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা মিশন প্রধানের হাতেই থাকবে। এর ব্যত্যয় হলে অর্থাৎ প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা খর্ব হলে, একজন রাষ্ট্রদূত বা হাইকমিশনারের পক্ষে মিশন চালানো রীতিমতো কঠিন হয়ে পড়বে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবীর বুধবার প্রথম আলোকে বলেন, বিদেশে কোনো দেশের মিশনের দক্ষতা, কার্যকারিতা নির্ভর করে সেটির সমন্বয়ের ওপর। ফলে মিশন প্রধানের নিয়ন্ত্রণেই সবকিছু থাকা উচিত। সেখানে দ্বৈত শাসন ব্যবস্থা গড়ে তুললে পুরো প্রক্রিয়া ভেঙে পড়বে। মনে রাখা উচিত, বিদেশে বাংলাদেশের মিশনগুলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। মিশনের দক্ষতার ওপর দেশের ভাবমূর্তির প্রতিফলন হয়। তা ছাড়া স্বাধীন দেশে দুইটা নতুন প্রতিষ্ঠান সামরিক বাহিনী ও কূটনীতি তোলা হয়েছিল। এই দুই প্রতিষ্ঠানকে জাতীয় সার্বভৌমত্বের প্রতীক মনে করা হয়।