পররাষ্ট্রনীতি চলছে অস্থায়ী ভিত্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটে দেশের পররাষ্ট্রনীতিতে। মোটকথা, পররাষ্ট্রনীতি চলছে অ্যাডহক (অস্থায়ী) ভিত্তিতে। এ কারণে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দেশ পিছিয়ে পড়ছে। অপর দিকে, অন্য ক্যাডার সার্ভিসের মতো পররাষ্ট্র ক্যাডারেও অতিমাত্রায় দলীয়করণ হচ্ছে।গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিবিষয়ক আলোচনায় বক্তারা এ অভিমত দেন। বেসরকারি সংস্থা সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিএফএসডি) আয়োজিত ‘আগামী দিনের বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় সংলাপের দ্বিতীয় অধিবেশনে পররাষ্ট্রনীতি নিয়ে এ আলোচনা হয়।আলোচকেরা বলেন, প্রধানমন্ত্রী বিদেশে সফরসঙ্গী হিসেবে কাকে নেবেন, সেটি নির্বাচিত করার অধিকার তাঁর আছে। তবে যাঁদের নেওয়া হবে, সফরের সঙ্গে যেন তাঁদের সংশ্লিষ্টতা থাকে, সেটিও বিবেচনা করতে হবে। এটি যদি প্রমোদভ্রমণ হয়, তবে তা হবে দুঃখজনক।বিগত চারদলীয় জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় যাঁরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরোধিতা করেন, তাঁরাই অবসরে যাওয়ার পর রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে মন্ত্রণালয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। মোরশেদ খান বলেন, ‘আজকের দুনিয়ায় দরকষাকষি একটি শিল্প, যার সঙ্গে সংস্কৃতির ছোঁয়া থাকাটা অপরিহার্য। দুঃখজনক হলেও সত্যি, আমাদের এখনকার কূটনীতিকেরা বাংলা থেকে বাংলা কিংবা ইংরেজি থেকে বাংলা করাটা জানেন। দরকষাকষির যোগ্যতা যাঁদের আছে, তাঁরা বায়োডাটা (জীবনবৃত্তান্ত) পকেটে নিয়ে ঘোরেন, যাতে করে দাতা সংস্থার চাকরি নিয়ে চলে যেতে পারেন।’ তিনি মনে করেন, রাষ্ট্রদূত পদে রাজনৈতিক নিয়োগের হার কম হলেই ভালো। তিনি বলেন, কিছু সংগঠন ও সংস্থার নেতা আছেন, যাঁরা মনে করেন রাষ্ট্রদূত পদে নিয়োগ পাওয়াটা তাঁদের অধিকার।ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মোরশেদ খান বলেন, ‘আমার দল (বিএনপি) ট্রানজিটের বিরোধী নয়। বিরোধী নয় চট্টগ্রাম বন্দর ভারতকে ব্যবহারের সুযোগ দিতেও। শুধু জানতে চায়, আমাদের যা দেওয়া হবে, সেগুলো কীভাবে পাব। সাধারণ মানুষও তা জানতে চায়। একটা কথাই বুঝি, “নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক”।’সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘১৯৭৫-এর পটপরিবর্তনের পর পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসে। গুরুত্ব দেওয়া হয়েছে মুসলিম দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নের বিষয়টিতে। ফলে এমন একটা ভাবমূর্তি ওই সময় থেকে তৈরি হয় যে আমরা জঙ্গিবাদের মদদ দিচ্ছি। ভারত ও মিয়ানমারের সঙ্গে আস্থার যে সংকট, এর জন্য শুধু তারাই নয়, আমরাও দায়ী।’সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, অতীতমুখী নীতি কখনোই দীর্ঘস্থায়ী হওয়া উচিত নয়। কোন দল ক্ষমতায়, পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে সেটা বিবেচনায় আনা উচিত নয়। মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর পদক্ষেপ হিসেবে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনার পরামর্শ দেন। আলোচনায় আরও অংশ নেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির ও সাবেক রাষ্ট্রদূত মাসুদ আজিজ। সাপ্তাহিক হলিডের সম্পাদক সৈয়দ কামালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিএফএসডির মহাসচিব মাহফুজউল্লাহ।