বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিটির (জেসিসি) বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী আজ বৃহস্পতিবার সকালে নয়াদিল্লি যাচ্ছেন। ২০ সেপ্টেম্বর তিনি নয়াদিল্লিতে জেসিসির তৃতীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আলোচনা করবেন।
চার দিনের ভারত সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সে দেশের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা চুক্তি সই এবং সীমান্ত প্রটোকল বাস্তবায়নের তাগিদ দেওয়া হবে। এ ছাড়া উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় দুই দেশের সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে।
ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত জুনে প্রথম বিদেশ সফরে ঢাকায় আসেন সুষমা স্বরাজ। তাঁর সফরের পর ভারতে ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে ঢাকার অস্বস্তি অনেকটা দূর হয়েছে বলে সংশ্লিষ্ট কূটনীতিকেরা মনে করেন। কারণ, ওই সফরে সুষমা স্পষ্ট জানিয়ে গেছেন, অতীতের সরকারের মতো বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে ভারত।