পররাষ্ট্রমন্ত্রী কানাডা যাচ্ছেন এ মাসেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক খুনিদের অন্যতম নূর চৌধুরীকে ফেরত আনার উপায় নিয়ে কানাডার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ডিয়নের সঙ্গে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পররাষ্ট্রমন্ত্রী ২৫ অক্টোবর দ্বিপক্ষীয় সফরে কানাডায় যাচ্ছেন।

গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা সফরের সময় সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এ বিষয়ে কথা বলেন। দুই প্রধানমন্ত্রী বিষয়টি সমাধানের জন্য একটি পথ খুঁজতে একমত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা গতকাল বুধবার জানান, পররাষ্ট্রমন্ত্রী ২৫ অক্টোবর কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এই সফরের পর আইনমন্ত্রী আনিসুল হকেরও কানাডায় যাওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় জাস্টিন ট্রুডো স্বীকার করেন, নূর চৌধুরীর বিষয়টি সম্পর্কে তিনি সেভাবে অবহিত ছিলেন না। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ডে নূর চৌধুরীর সরাসরি সম্পৃক্ততার বিষয়টি তাঁকে জানান শেখ হাসিনা। জবাবে জাস্টিন ট্রুডো বলেন, কানাডার সংবিধান অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাউকে কোনো দেশে কানাডা ফেরত পাঠাতে পারে না। তারপরও বাংলাদেশ যেহেতু নূর চৌধুরীকে বহিঃসমর্পণের বিষয়ে অনুরোধ করেছে, এ নিয়ে একটা উপায় বের করতে দুই দেশের কর্মকর্তারা আলোচনা করবেন।