পররাষ্ট্রমন্ত্রী কাল সৌদি আরব যাচ্ছেন
তিন দিনের সফরে আগামীকাল মঙ্গলবার সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল যোবায়েরের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী এ সফরে যাচ্ছেন। আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষে পররাষ্ট্রসচিব শহীদুল হক এ কথা জানান।
শহীদুল হক জানান, পররাষ্ট্রমন্ত্রী এ সফরের সময় বাংলাদেশ থেকে সৌদি আরবে জনশক্তি পাঠানোসহ দ্বিপক্ষীয় নানান বিষয়ে আলোচনা হবে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট নিয়ে কথা হবে কি না জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন বৈঠক হয় তখন দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময়ে সৌদি আরবে পুরুষ কর্মী নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে সেখানে উপস্থিত প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার সাংবাদিকদের বলেন, সৌদি আরবে পুরুষ কর্মী যেতে যে অনানুষ্ঠানিক বাধা ছিল সেটি উঠে গেছে।