প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার আকার বাড়ালেন। এ এইচ মাহমুদ আলী মন্ত্রী এবং লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
গতকাল বুধবার দুপুরে বঙ্গভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শপথ নেওয়ার পর এই প্রথম মন্ত্রিসভার আকার বাড়ালেন। এ এইচ মাহমুদ আলীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এত দিন এই মন্ত্রণালয়ের কোনো পূর্ণ মন্ত্রী ছিলেন না। শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নজরুল ইসলামকে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয়ে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ পূর্ণ মন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
এ ছাড়া আবদুল্লাহ আল ইসলামকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগে পানিসম্পদ মন্ত্রণালয়ে ছিলেন। এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বে রয়েছেন জাতীয় পার্টি জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু।
নতুন দুজনকে নিয়ে মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৫১ জনে।