পররাষ্ট্রমন্ত্রীকে উপহার পাঠিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে উপহার পাওয়ার কথা জানিয়েছেন
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে উপহার পাঠিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী জিন মার অং। খ্রিষ্টীয় ‌নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন মিয়ানমারের সেনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত‌ তাঁর কাছে উপহার ও শুভেচ্ছাবার্তা পৌঁছে দিয়েছেন।

আব্দুল মোমেন বলেন, এটি ভালো খবর। নতুন ঘটনাও বটে। একটু খাতির–যত্ন করার চেষ্টা করছেন। আমাদের অগ্রাধিকার হচ্ছে তাদের লোকগুলো নিয়ে যাক। তারা এ সমস্যা তৈরি করেছে, তারাই এদের নিয়ে গেলে সমস্যার সমাধান হবে।

বাংলাদেশের জন্য মিয়ানমার একটা বড় ইস্যু বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আজকে পাঁচ বছর হয়ে গেল, আমরা কোথাও কোনো কূলকিনারা করতে পারিনি। এটা এখন আমাদের নিয়মিত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আমরা বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের বন্ধু দেশগুলোকে বলছি, তোমরা আমাদের সাহায্য করো। অনেকে সহানুভূতি দেখিয়েছে। কেউ কেউ বলছে, আমরা সাহায্য করব।’