পররাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা
আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণী মামলায় বাংলাদেশ রায় পাওয়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর পৌরসভার মেয়র ও নাগরিক সংবর্ধনা উদ্যাপন পরিষদের আহ্বায়ক নাছির উদ্দিন আহমেদ।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা মামলার সঠিক রায় পেয়েছি। এতে প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো ভাটা পড়েনি।’ তিনি বলেন, ‘দেশের সম্পদ যারা লুটেপুটে খায় তারা ন্যায্য অধিকার বোঝে না। ন্যায়বিচার বোঝে না। তাই তারা না বুঝেই এ ঐতিহাসিক রায় নিয়ে সমালোচনায় মত্ত রয়েছে।’ বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাসুদ চৌধুরী। আরও বক্তব্য দেন: চাঁদপুর-২ আসনের সাংসদ এয়ার ভাইস মার্শাল (অব.) মো. রফিকুল ইসলাম ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহামঞ্চদ শামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।