পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য গ্রহণযোগ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশে আদিবাসী নেই, বাঙালিরাই প্রকৃত আদিবাসী।’ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির এই বক্তব্য সঠিক ও গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম।গতকাল এই বিজ্ঞপ্তিতে ফোরাম বলেছে, এই জগতে কে কোথা থেকে প্রথম আবির্ভূত হয়েছে, এটি আদিবাসী বা ইনডিজিনাস পিপলসের মূল কথা নয়। এ জন্যই জাতিসংঘ ইনডিজিনাস পিপলসের কোনো সংজ্ঞা নির্ধারণ করেনি এবং আদিবাসীরাই তা চায়নি।আত্মপরিচয়ের অধিকার হলো মূল কথা, যে অধিকার আদিবাসীদের রয়েছে। রাষ্ট্র কোনো জাতির পরিচয় চাপিয়ে দিতে পারে না। আদিবাসী ফোরাম বলেছে, আদিবাসী শব্দের মূল বক্তব্য হলো প্রান্তিকতা, যারা ঐতিহাসিকভাবে শোষণ ও বঞ্চনার শিকার হয়েছে এবং এখনো প্রান্তিক অবস্থানে আছে, যারা আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার কালে এবং এখনো নিজ বাসভূমি থেকে উচ্ছেদের শিকার হচ্ছে, যাদের ভাষা ও সংস্কৃতি বিলুপ্তপ্রায় এবং যারা সাধারণত রাজনৈতিকভাবে অন্যের অধীনস্ত (ননডমিন্যান্ট)। আদিবাসীদের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে, যাদের সমাজব্যবস্থা, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য দেশের মূল স্রোতধারার জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ইত্যাদি থেকে পৃথক; যারা রাষ্ট্রীয় আইনের চেয়ে প্রথাগত আইনের ভিত্তিতে সমাজ পরিচালনা ও অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তি করে; ভূমির সঙ্গে যাদের নিবিড় সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে এবং যারা সাধারণভাবে মূল স্রোতধারার জনগোষ্ঠীর চেয়ে প্রান্তিক অবস্থানে রয়েছে, তারাই আদিবাসী। আইএলও কনভেনশনের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী আদিবাসীদের অস্তিত্ব অস্বীকার করেছেন, যা সঠিক নয়। আইএলও কনভেনশনের মূল কথাই হলো আত্মপরিচয়ের নীতিকে শ্রদ্ধা করা।বর্তমান সরকার তাদের বিভিন্ন দলিলপত্রে, এমনকি আইনে আদিবাসীদের স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী জাতিসংঘ-ঘোষিত আদিবাসী দিবসে ২০০৯ সালে বাণী দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও আদিবাসীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এখন সরকারের ভিন্ন অবস্থান সত্যি দুঃখজনক।