পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ রাঙামাটি নাগরিক সমাজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সম্পর্কে করা মন্ত্যব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে রাঙামাটির নাগরিক সমাজ। আদিবাসীদের বিষয়ে অপমানজনক বক্তব্যের কারণে পার্বত্য চট্টগ্রামের পরিবেশ অশান্ত হয়ে উঠতে পারে বলে জ্যেষ্ঠ নাগরিকেরা আশঙ্কা প্রকাশ করেন।গতকাল শনিবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির রাঙামাটি জেলা শাখা পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বক্তব্যের পরিপ্রেক্ষিতে খণ্ডনের জন্য জ্যেষ্ঠ নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে। গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের হাইকমিশনার, রাষ্ট্রদূত ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকদের ব্রিফিং অনুষ্ঠানে তিন পার্বত্য জেলার অধিবাসীদের আদিবাসী হিসেবে সম্বোধন করতে বারণ করে দেন।তাঁদের মতে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে পার্বত্যচুক্তি বাস্তবায়ন ও আদিবাসী অধিকার সংরক্ষণের বিষয়ে বারবার সদিচ্ছার কথা বললেও ক্ষমতায় এসে গড়িমসি করে। তাঁরা আরও বলেন, আদিবাসী শব্দটিকে উপজাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় হিসেবে সংবিধানে পুনর্বহাল করে বর্তমান সরকার ৪০ বছর আগের ভুলের পুনরাবৃত্তি ঘটিয়েছে। বাহাত্তরের ভুলের জন্য দীর্ঘ দুই যুগের সশস্ত্র আন্দোলনের পরিণতিতে রাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামের মানুষের অনেক মাশুল গুনতে হয়েছে।সভায় মূল আলোচ্য বিষয়ের ওপর আলোকপাত করে বক্তব্য দেন নাগরিক কমিটির রাঙামাটি জেলা শাখার সভাপতি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যাপক মং সানু চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মানিক লাল দেওয়ান, প্রবীণ আইনজীবী জ্ঞানেন্দু বিকাশ চাকমা, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান।