পররাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা সঠিক ও গ্রহণযোগ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আদিবাসী ফোরাম বলেছে, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সনদ উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি দেশে কোনো আদিবাসী নেই বলে উন্নয়ন-সহযোগী ও কূটনীতিকদের যে ব্যাখ্যা দিয়েছেন, তা সঠিক ও গ্রহণযোগ্য নয়।জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এ কথা বলেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০১১ উদ্যাপন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে সঞ্জীব দ্রং বলেন, বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ আড়াই বছর আগেও দেশের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও স্বীকৃতির বিষয়ে আদিবাসীদের পাশে ছিল। ক্ষমতায় আসার পর এ সরকার আদিবাসী প্রসঙ্গে নতুন তত্ত্ব দাঁড় করাচ্ছে। সম্প্রতি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) অধিবেশনে সরকার যে ভূমিকা পালন করেছে, তা রাষ্ট্রের জন্য অপমানজনক। এতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরা হয়। সঞ্জীব দ্রং বলেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠী আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির পক্ষে। সরকারকে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে আদিবাসীদের আত্মপরিচয়ের অধিকারকে স্বীকৃতি দিতে হবে। পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য গঠিত ভূমি কমিশন আইনের যে ধারাগুলো পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বিরোধী, সেগুলো সংশোধন করতে হবে।সংবাদ সম্মেলনে ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন উপলক্ষে ছয় দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। আজ শুক্রবার বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মূল ধারার জনগোষ্ঠী ও আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ দিয়ে এ কর্মসূচি শুরু হবে। কর্মসূচিতে আরও রয়েছে ৬ ও ৭ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও এলজিইডি মিলনায়তনে আদিবাসীদের ভূমি, বন ও সংস্কৃতি বিষয়ে সম্মেলন; ৮, ৯ ও ১০ আগস্ট শিশু একাডেমীতে মেলা, চিত্র প্রদর্শনী, নির্বাচিত আদিবাসী জনপ্রতিনিধিদের সংবর্ধনা, রচনা প্রতিযোগিতা প্রভৃতি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন প্রমুখ।