পররাষ্ট্রসচিব আজ দিল্লি যাচ্ছেন কাল বৈঠক
তিস্তা চুক্তি সই ও স্থলসীমান্ত চুক্তির প্রটোকল বাস্তবায়নের বিষয়গুলো এখনো অমীমাংসিত রয়েছে। ট্রানজিট চালুর বিষয়টিরও নিষ্পন্ন হয়নি। এ অবস্থায় অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের উপায় খুঁজে বের করার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আগামীকাল বৃহস্পতিবার আলোচনায় বসছেন দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিবরা।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক তিন দিনের সফরে আজ বুধবার দিল্লি যাচ্ছেন। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেননের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পররাষ্ট্রসচিব শহীদুল হক ভারতের স্বরাষ্ট্র, পানিসম্পদ, বিদ্যুৎ, বাণিজ্য ও শিল্প, জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস এবং নৌপরিবহন সচিবের সঙ্গে দেখা করবেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে শহীদুল হকের প্রথম ভারত সফর। অবশ্য গত এক বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালনের সময় ইতিমধ্যেই তিনি যুক্তরাষ্ট্র, চীন ও মিয়ানমারের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক করেছেন।
দিল্লি সফর সম্পর্কে জানতে চাইলে মো. শহীদুল হক গতকাল প্রথম আলোকে বলেন, ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের আমন্ত্রণে শুভেচ্ছা সফরে তিনি দিল্লি যাচ্ছেন। তিস্তা, স্থলসীমান্ত চুক্তি, সীমান্ত হত্যার পাশাপাশি ভারতের পরিকল্পিত আন্তঃনদী সংযোগসহ দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে সুজাতা সিংয়ের সঙ্গে আলোচনা হবে।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে অনুষ্ঠিত যৌথ পরামর্শক সভার (জেসিসি) প্রস্তুতি হিসেবে দুই দেশের পররাষ্ট্রসচিবরা এবার বৈঠক করছেন বলে তিনি জানান।
এ বছরের কোনো এক সময় জেসিসি দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সর্বশেষ জেসিসি গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।