পররাষ্ট্রসচিবদের বৈঠক আজ দিল্লিতে
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়গুলো নিয়ে পর্যালোচনা সভায় বসছেন দুই দেশের পররাষ্ট্রসচিবেরা। আজ সোমবার সন্ধ্যায় দিল্লির হায়দরাবাদ হাউসে দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রসচিবদের এ বৈঠক হবে। এতে অংশ নিতে আলোচনার জন্য বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল রোববার দিল্লিতে পৌঁছেছেন।
ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও দেখা করবেন শহীদুল হক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দুই দেশের সম্পর্কের যে উন্নতি সাম্প্রতিককালে হয়েছে, তা আরও এগিয়ে নেওয়ার প্রক্রিয়াগুলো যেমন এই বৈঠকে আলোচিত হবে, তেমনই চিহ্নিত হবে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে পথের বাধাগুলোও। বাণিজ্য বাড়ানো, যোগাযোগ ব্যবস্থা, চারদেশীয় (বিবিআইএন) চুক্তির খুঁটিনাটি, উপকূলীয় জাহাজ চলাচল, বিদ্যুৎ বিক্রি ও তার দাম, ঋণচুক্তির শর্ত শিথিল, ভিসা সহজীকরণ ইত্যাদি বিষয় আলোচনায় আসতে পারে।
দুই নিকট প্রতিবেশীর আস্থা বাড়ানোর ক্ষেত্রে একটি প্রধান অন্তরায় সীমান্ত হত্যা। এই বিষয়ে ভারতের বক্তব্য হলো, অধিকাংশ হত্যাই সীমান্ত অপরাধের জন্য হয়ে আসছে। সীমান্ত অপরাধের প্রায় সবটাই গরু পাচারকে কেন্দ্র করে। বৈঠকে স্পর্শকাতর বিষয়টি আরও একবার নতুনভাবে উঠবে বলে ভারতের ধারণা।