পররাষ্ট্রসচিবের দেখা না পেয়েই ফিরে গেলেন ডাচ রাষ্ট্রদূত
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সৌজন্য সাক্ষাতের সূচি ছিল সোমবার। তবে নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বিকেলে কানাডার হাইকমিশনারের সঙ্গে হাজির হয়েছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন।
তবে আগেভাগে সৌজন্য সাক্ষাতের সূচি ঠিক না করায় ঘণ্টাখানেক অপেক্ষা শেষে পররাষ্ট্রসচিবের সঙ্গে দেখা না করেই ফিরে গেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেল চারটায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ঢাকায় কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সৌজন্য সাক্ষাতের সময় নির্ধারিত ছিল। ওই সময় কানাডা হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফোনে জানানো হয়, কানাডার হাইকমিশনারের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত রয়েছেন। দুই কূটনীতিক একসঙ্গে পররাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করবেন।
কানাডা হাইকমিশন এ তথ্য জানায় দুই কূটনীতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর পর। এমন এক বিব্রতকর পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি পররাষ্ট্রসচিবকে জানান। পররাষ্ট্রসচিব তখন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত দেখা করতে চান, এটা আগে জানিয়েছেন কি না। কর্মকর্তারা তাঁকে জানান, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত পররাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করবেন তা আগে জানাননি।
তখন মাসুদ বিন মোমেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিনি কানাডার হাইকমিশনারের সঙ্গে দেখা করবেন। পরে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত পররাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করতে পারবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বুঝতে বাকি থাকে না যে আগে সূচি ঠিক না করে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের এভাবে দেখা করার বিষয়টি পররাষ্ট্রসচিব ভালোভাবে নেননি। তাই তিনি দুই কূটনীতিকের সঙ্গে একই সময়ে দেখা করবেন না। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে গেছেন, সৌজন্যের খাতিরে পররাষ্ট্রসচিব তাঁর সঙ্গে দেখা করবেন। তবে সেটা হবে পূর্বনির্ধারিত সৌজন্য সাক্ষাতের পর।
পররাষ্ট্রসচিবের এ সিদ্ধান্তের কথা কানাডার হাইকমিশনার লিলি নিকোলসকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। এরপরও কানাডার হাইকমিশনার একসঙ্গে দেখা করার জন্য অনুরোধ জানান। তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানান, কানাডা ও নেদারল্যান্ডস একই বিষয়ে আলোচনা করতে এসেছে।
একপর্যায়ে কানাডার হাইকমিশনার বুঝতে পারেন, দুই রাষ্ট্রদূত একসঙ্গে পররাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করতে পারবেন না। তখন নিরুপায় লিলি নিকোলস নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যর্থনাকক্ষে রেখে সচিবের দপ্তরের দিকে পা বাড়ান। তাঁদের পূর্বনির্ধারিত সৌজন্য সাক্ষাৎ প্রায় ৩০ মিনিট পর শুরু হয়।
আর নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন প্রায় এক ঘণ্টা অপেক্ষা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে যান।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন প্রথম আলোর কাছে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক না হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।