পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক ভারতীয় হাইকমিশনারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী পীযূষ গোয়েল ঢাকায় আসছেন। ডিসেম্বরে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠকে যে বিষয়গুলোতে চূড়ান্ত ঘোষণা আসবে, সেগুলো নিয়ে ভারতের এই দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের মন্ত্রীদের সঙ্গে প্রাথমিক আলোচনা করবেন।

শেখ হাসিনার সফরের প্রস্তুতি নিয়ে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল রোববার তাঁর দপ্তরে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে আলোচনা করেন। এ সময় মনোহর পারিকর ও পীযূষ গোয়েলের ঢাকা সফর নিয়ে কথা হয়।

বৈঠকের পর পররাষ্ট্রসচিব সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সফরের আলোচ্যসূচি, সইয়ের অপেক্ষায় থাকা সম্ভাব্য চুক্তি ও সমঝোতা স্মারক এবং উন্নয়ন সহযোগিতা প্রকল্প নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের ব্যাপারে ভারতের সঙ্গে আলোচনা চলছে।

ভারতীয় হাইকমিশনার জানান, প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফর নিয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর খুব শিগগির বাংলাদেশে আসছেন। ভারতের কোনো প্রতিরক্ষামন্ত্রীর এটি প্রথম বাংলাদেশ সফর এবং তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। নিরাপত্তার ক্ষেত্রে আমরা আরও আলোচনা ও সহযোগিতা প্রত্যাশা করছি।’

মনোহর পারিকরের সফরের সময় নিরাপত্তা সহযোগিতা বাড়াতে রূপরেখা চুক্তি, শেখ হাসিনার দিল্লি সফরের সময় ভারতের অগ্রাধিকার এবং তিস্তা চুক্তি নিয়ে এই সফরে ইতিবাচক সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে কোনো মন্তব্য করতে ভারতীয় হাইকমিশনার অপারগতা জানান।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ১৭ ডিসেম্বর চার দিনের সফরে দিল্লি যাওয়ার কথা রয়েছে।