পরশু থেকে স্বাভাবিক হচ্ছে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাজাহান খান
শাজাহান খান

পরশু ২১ সেপ্টেম্বর সোমবার থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। শিমুলিয়া ঘাট পরিদর্শনকালে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি এ কথা বলেন।
ঈদে ঘরমুখী মানুষ শিমুলিয়া ঘাট দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে বর্তমানে ফেরি চলাচল করছে দুটি চ্যানেল দিয়ে ওয়ান ওয়ে পদ্ধতিতে। এর মধ্যে পালেরচর-মাঝিকান্দি চ্যানেল দিয়ে যানবাহন নিয়ে ফেরি যাচ্ছে কাওড়াকান্দি ঘাটে। অপরদিকে লৌহজং-হাজরা চ্যানেল দিয়ে ফেরি আসছে শিমুলিয়া ঘাটে।
লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট স্বাভাবিক না হওয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দুটি চ্যানেল ব্যবহারের মাধ্যমে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথ চালু রাখা হয়েছে।
বর্তমানে তিনটি রো রো ফেরি, পাঁচটি কে-টাইপ ফেরি ও দুটি ডাম্প নিয়ে মোট ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।