
বকেয়া বেতন ও বোনাস পরিশোধ না করলে মঙ্গলবার তোবা গ্রুপের শ্রমিকেরা বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিক সমিতির (বিজিএমইএ) কার্যালয় ঘেরাও করবে। কাল সোমবার বিকেল চারটার দিকে সব গার্মেন্টস শিল্পাঞ্চলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবেন শ্রমিকেরা।
আজ রোববার রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটের সাততলায় কারখানায় সপ্তম দিনের মতো অনশন করছেন তোবা গ্রুপের পোশাকশ্রমিকেরা। সেখানে বেলা তিনটার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। অবিলম্বে দাবি না মানলে শান্তিপূর্ণ আন্দোলন সহিংস হয়ে উঠবে বলে জানিয়েছেন শ্রমিকেরা।
দুপুরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দু-এক দিনের মধ্যে শ্রমিকদের সমস্যা সমাধান হবে বলে আশ্বাস দেন। এর আগে বৃহস্পতিবার শ্রম প্রতিমন্ত্রী ও বিজিএমইএও শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এবার বাণিজ্যমন্ত্রীর আশ্বাস
দুপুরে বিজিএমইএ ভবনে নেতাদের সঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বৈঠক করেন। পরে শ্রমিকনেতাদের সঙ্গে আরেক দফা বৈঠক করেন শাজাহান খান ও মুজিবুল হক।
বৈঠকের পরে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘দু-এক দিনের মধ্যে সমস্যার সমাধান করার কথা বিজিএমইএর নেতাদের বলেছি। শ্রমিকেরা কাজ করবেন কিন্তু বেতন ভাতা পাবেন না—এটা মেনে নেওয়া যায় না।’
বৃহস্পতিবার শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক আজকালের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়ে শ্রমিকদের অনশন প্রত্যাহার করার আহ্বান জানান। একই দিন বিজিএমইএ এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেয়। পরে আজ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দু-এক দিনের মধ্যে সমস্যার সমাধান হওয়ার আশ্বাস দেন।
শ্রমিকদের দাবি: হোসেন মার্কেটের সাততলায় কারখানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তোবা গ্রুপের পোশাকশ্রমিকেরা কয়েক দফা দাবি ও কর্মসূচি ঘোষণা করেন। এসব দাবি ও কর্মসূচি হলো—
মঙ্গলবার বেলা ১১টায় বিজিএমইএ কার্যালয় ঘেরাও। ওই দিন সিপিবি, বাসদ ও বাম মোর্চাও থাকবে।
আগামীকাল সোমবার বিকেল চারটায় সব গার্মেন্টস শিল্পাঞ্চলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।
সোমবার সিপিবি, বাসদ ও বাম মোর্চার শ্রম মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা।
তোবা গ্রুপের সব কারখানা সচল করে শ্রমিকদের নিয়মিত কর্মসংস্থান নিশ্চিত করা।
তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেনের জামিন বাতিল ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। শ্রমিকদের বেতন-ভাতার ইস্যুকে জিম্মি করে দেলোয়ারের জামিন দেওয়া হলে তা মেনে না নেওয়ার ঘোষণা।
তাজরীন ফ্যাশনসের নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া।
আন্দোলনরত শ্রমিকদের শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া।
আশ্বাস নয়, বেতন পরিশোধ করার দাবি
সংবাদ সম্মেলনের আগে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, আর কোনো আশ্বাস শ্রমিকেরা মেনে নেবে না। বকেয়া বেতন-ভাতা অবিলম্বে পরিশোধ করার দাবি জানান তিনি।
এর আগে সকালে মোশরেফা মিশু বলেন, এত দিন ধরে শ্রমিকেরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু সরকার যদি এটিকে দুর্বলতা ভাবে, তবে ভুল করবে। অবিলম্বে দাবি না মানলে শান্তিপূর্ণ এই আন্দোলন সহিংস হয়ে উঠবে। এ জন্য সরকার ও বিজিএমইএ দায়ী থাকবে।
গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় নেতা সাইফুল হক বলেন, আজ সন্ধ্যার মধ্যে সরকারকে পরিষ্কার সিদ্ধান্ত জানাতে হবে। তিনি বলেন, সোজা আঙুলে ঘি না উঠলে শ্রমিকেরা এই সাততলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তারা যেকোনো উপায়ে তাঁদের দাবি আদায় করে ছাড়বেন।
সাত দিনে অসুস্থ ৯৭
রাজধানীর বাড্ডায় হোসেন মার্কেটের সাততলায় কারখানার শ্রমিকেরা ঈদের আগের দিন গত সোমবার থেকে অনশন করছেন। সাত দিনের অনশনে এ পর্যন্ত ৯৭ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে ১৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন। আজ পাঁচজন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন হিরু, বিল্লাল, পাখি, লাইজু ও লিজা। তাঁদের গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
গতকাল বেলা ১১টায় হোসেন মার্কেটের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে অনশনরত শ্রমিকেরা।
তিন মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঈদের আগের দিন সোমবার থেকে হোসেন মার্কেটে অবস্থিত কারখানায় অনশন করছেন তোবা গ্রুপের পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার বিজিএমইএ সাত দিনের মধ্যে আংশিক বেতন-ভাতা পরিশোধের যে আশ্বাস দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন শ্রমিকেরা।
হোসেন মার্কেট ভবনে তিনটি তলায় রয়েছে তোবা টেক্সটাইল, তায়েব ডিজাইন ও মিতা ডিজাইনের কারখানা। পাশের ফুজি ভবনে রয়েছে বুকশান ও তোবা ফ্যাশনস।