পরশুরাম ও কেন্দুয়ায় গরু চুরির ঘটনা বেড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম ও নেত্রকোনার কেন্দুয়ায় আশঙ্কাজনকভাবে গরু চুরির ঘটনা বেড়ে গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষকেরা।পুলিশ ও এলাকাবাসী জানায়, পরশুরাম উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন গ্রামে গত দেড় মাসে ৩০টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত ৫ জানুয়ারি পৌর এলাকার গুথুমা গ্রামের মিজানের দুটি হালের বলদ চুরির সময় ওই গ্রামের লোকজন হাশেম মিয়া (৪৮) ও মোকারম হোসেন (৩০) নামের দুই চোরকে আটক করে পুলিশে দেয়। পুলিশ জানায়, গত কয়েক দিনে গরু চুরিসংক্রান্ত পাঁচটি মামলা রেকর্ড হয়েছে এবং চুরির সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, শীতের সময়ে গরু চুরি বেড়ে গেছে। চুরি ঠেকাতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। এদিকে গত শুক্রবার রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ডাউকি গ্রামের বাদশা মিয়া ও ছাদেক মিয়ার প্রায় ৩০ হাজার টাকা দামের দুটি গরু চুরি যায়। একই রাতে খিদিরপুর গ্রামের সুমন মিয়ার একটি গরু চুরি হয়, পরে অবশ্য সেটি উদ্ধার করা সম্ভব হয়। ইরি-বোরো মৌসুমের চাষাবাদের সময় হঠাত্ করে গরু চুরি বেড়ে যাওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। ফলে এর জন্য আতঙ্কিত কৃষকেরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে থানার পুলিশ গত শনিবার বিকেলে গরুচোরদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি।কেন্দুয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় গ্রামপুলিশ সদস্যদের দিয়ে রাতের বেলায় এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে থানার পুলিশ গরুচোরদের ধরার জন্য অভিযান চালাচ্ছে।