পরশুরাম ও ফুলগাজী সোমবার রাত থেকে বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকেরা গত সোমবার রাত ১০টার পর থেকে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এলাকায় মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে, কাল বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের। পল্লী বিদ্যুতের ফুলগাজী আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, সোমবার রাত ১০টার দিকে কালবৈশাখী ঝড়ে উপজেলার হাসানপুর এলাকায় পল্লী বিদ্যুতের ৩৩ কিলোওয়াটের তিনটি খুঁটি উপড়ে পড়ে। এতে করে পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, দুটি উপজেলার প্রায় ৩২ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। উপড়ে পড়া প্রধান তিনটি খুঁটি মেরামতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে অন্যান্য এলাকায় আরও কিছু খুঁটি উপড়ে পড়েছে। ফলে আগামী দু-তিন দিনের আগে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না। পরশুরাম পল্লী বিদ্যুৎ কার্যালয়ের প্রকৌশলী রবিউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।