পরশুরাম-ছাগলনাইয়া সড়ক আবদুস সালামের নামে করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম-ছাগলনাইয়া সংযোগ সড়ক প্রখ্যাত সাংবাদিক ও ভাষাসৈনিক মরহুম আবদুস সালামের নামে করতে জেলা প্রশাসককে মৌখিক নির্দেশ দিয়েছেন যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের।গত মঙ্গলবার ফেনীর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিক ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়ের সময়ে এ নির্দেশ দেন ওবায়দুল কাদের। পরে ছাগলনাইয়া ও পরশুরামে আওয়ামী লীগের পৃথক কর্মী সমাবেশেও এ ঘোষণা দেন মন্ত্রী।মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা, ফেনীর জেলা পরিষদের প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী, জেলা প্রশাসক হুমায়ুন কবির, পুলিশ সুপার পরিতোষ ঘোষ প্রমুখ।সড়কটির নাম ছিল ক্যাপ্টেন লিংক রোড। নতুন নামকরণের নির্দেশ এক মাসের মধ্যে কার্যকর করা হবে বলে সাংবাদিকদের জানান জেলা প্রশাসক হুমায়ুন কবির।আবদুস সালাম ছিলেন বাংলাদেশ অবজারভার পত্রিকার সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ও প্রেস ইনস্টিটিউটের অন্যতম প্রতিষ্ঠাতা এবং পূর্ব পাকিস্তান আইন পরিষদের সদস্য। ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। এদিকে সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদ ও ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা পৃথক বিবৃতিতে এ ঘোষণার জন্য যোগাযোগ ও রেলপথমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে।