পরশুরাম সীমান্ত থেকে তিন কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম সীমান্ত থেকে গত শুক্রবার তিন বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি ও স্থানীয় এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে পরশুরাম উপজেলার বাউর পাথর গ্রামের অদু মিয়ার ছেলে জাহিদ হোসেন (১৩), কালা মিয়ার ছেলে ছৈয়দ আলী (১৪) ও নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (১৬) চাষাবাদের কাজে সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফের সদস্যরা তাদের সেখান থেকে জোরপূর্বক ধরে নিয়ে যান।
পরশুরামের মজুমদারহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আবদুল হান্নান জানান, বাংলাদেশি ওই তিন কিশোরকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা জানার পরপরই বিজিবির পক্ষ থেকে তাদের ছাড়িয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু এর আগেই আটককৃত ওই তিন কিশোরকে বিএসএফ সে দেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে বিজিবিকে জানায়। যে কারণে তাদের ফেরত আনা যায়নি।
ফেনীর জায়লস্কর ৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খালেদ মাহমুদ শুক্রবার সকালে তিন বাংলাদেশি কিশোরকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ রোববার ভারতে সরকারি ছুটির কারণে আদালত বন্ধ থাকায় কাল সোমবার তাদের ভারতের আদালতে উপস্থিত করার কথা রয়েছে।