পরশুরামে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামের দক্ষিণ সলিয়া গ্রামে গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে। পূর্বশত্রুতার জের ধরে কেউ ঘরে আগুন ধরিয়ে দিয়েছে বলে পুলিশ ধারণা করছে।গ্রামের লোকজন জানান, গত মঙ্গলবার রাত প্রায় ১২টার দিকে পরশুরাম পৌরসভার দক্ষিণ সলিয়া গ্রামের আলী আহমঞ্চদ মজুমদার বাড়ির একটি ঘরের পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। যে ঘরে আগুনের সূত্রপাত হয়, সে ঘরে কেউ ছিলেন না। প্রতিবেশীরা আগুন দেখে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। ইতিমধ্যে চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। পুড়ে যাওয়া ঘরগুলোর মালিক ও স্থানীয় লোকজনের ধারণা, দুর্বৃত্তরা আগুন দিয়ে ঘরগুলো পুড়িয়ে দিয়েছে। পরশুরাম থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু মুছা বলেন, পূর্বশত্রুতার জের ধরে কেউ রাতের অন্ধকারে ঘরে আগুন দিতে পারে বলে পুলিশ ধারণা করছে।