পরশুরামে আ. লীগের মেয়র প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই
ফেনীর পরশুরাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের মনোনয়নপত্র আজ শনিবার বাতিল করা হয়েছে। ফলে এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না।
এদিকে আজ ফেনী পৌরসভায় মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান মজুমদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
পরশুরাম পৌর নির্বাচনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান জামানতের জন্য ১৫ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা জমা দেন। এ ছাড়া একটি মামলায় তাঁর দশ বছরের সাজার বিষয়টি গোপন করেন এবং মনোনয়নপত্রে প্রার্থীর সমর্থনকারীর ভুল ভোটার নম্বর উল্লেখ করেছেন। এসব কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ফেনী পৌরসভার মনোনয়নপত্রের ব্যাপারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হক প্রথম আলোকে বলেন, বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান তাঁর মনোনয়নপত্রের হলফনামায় মামলা ও সাজাসংক্রান্ত তথ্য গোপন করেছেন। অপরদিকে স্বতন্ত্রপ্রার্থী আতিকুর রহমান জাল স্বাক্ষর দিয়ে একজনকে তাঁর মনোনয়নপত্রের সমর্থনকারী দেখিয়েছেন। সমর্থনকারী হিসেবে দেখানো ব্যক্তি তাঁর স্বাক্ষর জাল করার অভিযোগ করার পর যাচাই বাছাই শেষে আতিকুরের মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী আলাউদ্দিন ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মির্জা মো. ইকবালের মনোনয়নপত্র সঠিক পাওয়া গেছে। ফলে এ পৌরসভায় মেয়র পদে এ দুজনই প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রসঙ্গত, ফেনীর তিন পৌরসভায় ৪৮ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ইতিমধ্যে ৩৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।