পরশুরামে আ.লীগ ও ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে গতকাল সোমবার সকালে একটি মুঠোফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত শনিবার উপজেলার চিথলিয়া ইউনিয়নের চন্দনা গ্রামের আরিফ নামের এক ব্যক্তির একটি মুঠোফোন চুরি হয়। চুরির ঘটনা কেন্দ্র করে আরিফ ও আজিম নামের দুই ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটি হয়। রোববার সন্ধ্যায় চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বিষয়টি জানতে চাইলে তাঁর সঙ্গে স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হোসেনের বাগিবতণ্ডা হয়।একপর্যায়ে আওয়ামী লীগের নেতা রেজাউল করিম ও ছাত্রলীগের সাবেক নেতা রহিম উল্যাহর সমর্থকদের মধ্যে লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পরশুরাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।রোববার সন্ধ্যার ঘটনার রেশ ধরে গতকাল সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে চন্দনা গ্রামের চৌমুড়ীতে আবারও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের পাঁচ ব্যক্তি আহত হয়েছেন।তাঁরা হলেন আমির হোসেন (২৫), মো. ইলিয়াছ (২২), মো. শিপন (২০), বাবুল হোসেন (৩০) ও মো. আজিম (২৬)।পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম মজুমদার ছাত্রলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের বিষয়টি শুনেছেন বলে জানান। ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রহিম উল্যাহ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন সভাপতির সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল কিন্তু ক্ষমা চাওয়ার পরও গতকাল সোমবার সকালে তাঁরা আবার হামলার চেষ্টা করলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু কুমার দাস বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামান্য মারামারি হয়েছে বলে শুনেছি। তবে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।’