পরশুরামে আ.লীগ বিএনপি সংঘর্ষ, আহত ৬
ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সুবার বাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। পূর্ববিরোধের জের ধরে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
আহত ছয়জন হলেন মির্জানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাবুল হোসেন (৫৫), তাঁর ছেলে আবুল হাসেম (২৬), ইউনিয়ন যুবদলের সদস্য মো. রাব্বি (২৫), যুবদলের কর্মী জাকির হোসেন (৩২), শামীম (৩২) ও ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রবিউল হক চৌধুরী (২৬)। এঁদের মধ্যে বাবুল হোসেন, আবুল হাসেম, মো. রাব্বি ও রবিউলকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় যুবদলের সদস্য মো. রাব্বি সুবার বাজারের একটি দোকানে বসে ছিলেন। এ সময় মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রবিউল হকের নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা ওই দোকানে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসিন শরিফ বলেন, রাব্বির নেতৃত্বে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা ছাত্রলীগের নেতা রবিউল হককে পিটিয়ে আহত করেন। এ সময় ধস্তাধস্তিতে বিএনপির কয়েকজন নেতা-কর্মী আহত হন।
পরশুরাম থানার উপপরিদর্শক (এসআই) মো. মুসা জানান, সংঘর্ষের খবর শুনে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।