পরশুরামে ইউনিপে টু ইউর দুই কর্মকর্তাকে মারধর
ফেনীর পরশুরাম উপজেলায় গতকাল সকালে এমএলএম কোম্পানি ইউনিপে টু ইউর দুই কর্মকর্তাকে মারধর করেছেন গ্রাহকেরা। পরে উপজেলা চেয়ারম্যানের মধ্যস্থতায় সালিস বৈঠকে তাঁদের কাছ থেকে স্ট্যাম্পে লিখিত স্বীকারোক্তি নিয়ে ছেড়ে দেওয়া হয়। মো. মিজানুর রহমান ও ইকবাল হোসেন নামের ওই দুই কর্মকর্তা পরশুরাম এলাকায় ৮৪ নম্বর এজেন্টের প্রধান বলে জানা গেছে। গ্রাহকেরা জানান, মিজান ও ইকবাল লোভনীয় ফাঁদ পেতে উপজেলার প্রায় এক হাজার গ্রাহকের কাছ থেকে ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু ১০ জানুয়ারির পর ইউনিপে টু ইউর সব ধরনের লেনদেন বন্ধ হয়ে গেলে এ দুজন আত্মগোপন করেন। গত শুক্রবার উপজেলার প্রায় ৩০০ গ্রাহক মিলে একটি সভা করে অর্থ আদায়ের জন্য আক্কাস মিয়াকে আহ্বায়ক করে ৬১ সদস্যের কমিটি করে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শতাধিক গ্রাহক গতকাল সকালে মোটরসাইকেলে করে মিজানের মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী গ্রামের বাড়ি ঘেরাও করে তাঁকে ধরে মারধর করেন।খবর পেয়ে পরশুরাম থানা পুলিশের একটি টহল দল মিজানের বাড়িতে যায়। পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসে। ইতিমধ্যে তাঁকে আটকের খবর চারদিকে ছড়িয়ে পড়ে। তাঁকে থানায় উপজেলা সদরে নেওয়ার পথে সড়কে প্রায় ৩০০-৪০০ ক্ষতিগ্রস্ত গ্রাহক মারধরের চেষ্টা করেন। এর মধ্যে ক্ষুব্ধ গ্রাহকেরা কোলাপাড়া গ্রাম থেকে ইকবালকে ধরে আনেন। পরে উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও কয়েকজন কাউন্সিলরের নেতৃত্বে উপজেলা পরিষদ সড়কে ইসলামি ফাউন্ডেশনের কার্যালয়ে এক সালিস বৈঠক হয়। এতে কোম্পানি টাকা না দিলেও তাঁরা এক মাসের মধ্যে গ্রাহকের টাকা পরিশোধ করবেন বলে ছয়টি স্ট্যাম্পে সই দেন। মিজান জানান, ফেনীতে ইউনিপে টু ইউর হয়ে তিনিসহ মোট আটজন প্রধান কর্মকর্তা হিসেবে কাজ করছেন। ইকবালসহ তিনি পরশুরাম থেকে গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত প্রায় চার কোটি টাকা আদায় করেন। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জানান, মিজান ও ইকবাল লিখিত দিয়েছেন, কোম্পানি টাকা না দিলেও গ্রাহকের টাকা তাঁরা পরিশোধ করবেন।