পরশুরামে কলেজশিক্ষককে পেটালেন ছাত্রলীগ কর্মীরা
ফেনীর পরশুরামে গতকাল সোমবার দুপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা শহিদুল ইসলাম পাটোয়ারী নামের এক কলেজশিক্ষককে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি পরশুরাম উপজেলার খন্ডল স্কুল অ্যান্ড কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, গতকাল দুপুরে খন্ডল স্কুল অ্যান্ড কলেজের অর্থনীতি বিভাগের মো. শহিদুল ইসলাম পাটোয়ারী উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের সঙ্গে দেখা করার জন্য তাঁর কার্যালয়ে যান। দুপুর দেড়টার দিকে তিনি উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে মোটরসাইকেল রেখে চেয়ারম্যানের জন্য অপেক্ষা করতে থাকেন। বেলা দুইটার দিকে তিনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদারের কার্যালয়ে উপস্থিত হন। শহিদুল ইসলাম পাটোয়ারীকে দেখামাত্র উপজেলা চেয়ারম্যান ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কামাল উদ্দিন মজুমদার রেগে ওঠেন এবং কলেজ অধ্যক্ষ ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযোগ দেওয়ার বিষয় কৈফিয়ত চান। এ সময় সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কিছুই জানেন না বলে চেয়ারম্যানকে জানান। এতে চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ক্ষিপ্ত হয়ে শিক্ষককে লাঞ্ছিত করে তাঁর কার্যালয় থেকে বের করে দেন। তখন চেয়ারম্যানের কার্যালয়ের সামনে উপস্থিত থাকা পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিনসহ ছাত্রলীগের ৮-১০ জন নেতা-কর্মী ওই শিক্ষককে টেনেহিঁচড়ে কিল-ঘুষি ও পিটিয়ে আহত এবং তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করেন। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু কুমার দাস জানান, খন্ডল স্কুল অ্যান্ড কলেজের একজন সহকারী অধ্যাপককে মারধরের বিষয়টি শুনেছেন। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পরশুরাম উপজেলা চেয়ারম্যান ও খন্ডল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি কামাল উদ্দিন মজুমদার জানান, শিক্ষক শহিদুল ইসলাম ওই কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নামে-বেনামে বিভিন্ন স্থানে অভিযোগ দিয়ে তাঁকে হয়রানি করছেন। নিজ কার্যালয়ে ডেকে ওই শিক্ষককে শুধু একটু বকাবকি করা হয়েছে।