পরশুরামে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি জিপসহ বেশ কয়েকটি দোকান ও যানবাহন ভাঙচুর করা হয়। এ ঘটনায় এয়াকুব নবী নামের যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও মিজানুর রহমান নামের ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন।পুলিশ ও এলাকাবাসী জানান, গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ফেনীর পরশুরাম উপজেলার ধনিকুন্ডা রাস্তার মাথায় স্থানীয় চিথলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. ইসমাইল পরশুরাম যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পূর্ববিরোধের জের ধরে এয়াকুব নবী, খোকনসহ যুবলীগ-ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত ট্যাক্সি নিয়ে সেখানে যান। তাঁরা ছাত্রলীগ নেতা ইসমাইলের ওপর হামলা, মারধর ও তাঁকে অপহরণের চেষ্টা করেন। ইসমাইলের চিৎকারে আশপাশের দোকানে থাকা দলীয় নেতা-কর্মী ও স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাঁকে রক্ষা এবং আক্রমণকারী এয়াকুব নবী ও খোকনকে মারধর করে ছেড়ে দেয়।এ ঘটনার জের ধরে রাত আটটার দিকে রড, রামদা, কিরিচসহ দেশীয় অস্ত্র নিয়ে ফুলগাজী ও শালধরসহ বিভিন্ন এলাকা থেকে এয়াকুব নবী ও খোকনের প্রায় ২০০ কর্মী-সমর্থক ধনিকুন্ডা রাস্তার মাথায় উপস্থিত হয়ে ইসমাইলের সমর্থকদের খুঁজতে থাকেন। তাঁরা ১০-১২টি দোকানে হামলা ও ভাঙচুর করেন। এতে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় তিনটি বাস ও কয়েকটি সিএনজিচালিত ট্যাক্সি এবং পুলিশের একটি জিপ ভাঙচুর করা হয়। খবর পেয়ে পরশুরাম থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফেনী থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। এতে দুই পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। দুই পুলিশ সদস্যসহ ছয়জনকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তাঁরা হলেন, পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সফিকুল ইসলাম (৩৬), কনস্টেবল সামছুল হক (৫২), গ্রাম পুলিশ মমতাজ মিয়া (৫৫), নুর নবী (৪০), আবদুর রশিদ (৪২) ও কমল (২৬)। অন্য আহত ব্যক্তিদের নাম জানা যায়নি। তাঁরা গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। সংঘর্ষ ও যানবাহন ভাঙচুরের ঘটনায় রাত আটটা থেকে ১১টা পর্যন্ত তিন ঘণ্টা ফেনী-পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ ছিল। রাতেই ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ ও অতিরিক্ত পুলিশ সুপার আবু আহমঞ্চদ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি ইয়াছিন শরিফ জানান, এটি ছাত্রলীগের বিষয় নয়, আঞ্চলিক বিরোধের জের ধরে ঘটেছে। তবু বিষয়টি অনভিপ্রেত।পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ছাত্রলীগ-যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশসহ ১০ জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা ও একজন ব্যবসায়ী বাদী হয়ে আরও একটি মামলা করেছেন এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।