পরশুরামে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলার সুবারবাজার ইউনিয়নে গতকাল সোমবার ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে ইউনুছ মিয়া (৪৫) নামের একজন নিহত হয়েছেন। তাঁর বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে। গত ১৫ দিনে বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহে সাতজনকে পিটিয়ে আহত করা হয়েছে বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সুবারবাজার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গতকাল সকাল ১০টার দিকে ছেলে ধরা সন্দেহে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে আটক করে উপস্থিত জনতা। বিষয়টি তাৎক্ষণিক এলাকায় ছড়িয়ে পড়লে অসংখ্য লোক সেখানে গিয়ে জড়ো হয় এবং তাঁকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। গুরুতর অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।পরশুরাম থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মৃত্যুর আগে ওই ব্যক্তি বলেছেন, তাঁর নাম ইউনুছ মিয়া। কুমিল্লার সুজানগর গ্রামে ভাড়া থেকে ফেরি করে কাপড় বিক্রি করতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি বরিশাল জেলায়। বাবার নাম মুজিদ মিয়া।