ফেনীর পরশুরাম উপজেলায় একটি সেতুর নির্মাণকাজ উৎকোচ নিয়ে লটারিতে কারচুপির মাধ্যমে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনার প্রতিবাদ এবং আবারও লটারির দাবিতে ছাত্রলীগের একদল নেতা-কর্মী গতকাল বুধবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইকবাল হোসেনকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পিআইও এবং তাঁর অফিস সহকারীকে প্রায় এক ঘণ্টা তাঁদের কার্যালয়ে তালাবদ্ধ করে রাখা হয়। পরে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তালা খুলে তাঁদের মুক্ত করেন।গতকাল দুপুরে কয়েকজন ঠিকাদারের স্বাক্ষর করা একটি অভিযোগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, পিআইও ইকবাল হোসেন ও তাঁর অফিস সহকারী মো. মোস্তফা মোটা অঙ্কের উৎকোচ নিয়ে কারচুপি করে সরোয়ার ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ওই কাজ পাইয়ে দেন।জানা গেছে, উপজেলার রাজষপুর গ্রামে একটি সেতুর নির্মাণকাজের জন্য ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর ১৯ লাখ ৯৬ হাজার ৯২০ টাকা বরাদ্দ দিয়েছে। ওই কাজের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে দরপত্র বিক্রি করা হয়। পিআইও ইকবাল হাসান বলেন, গতকাল সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ আহাম্মদ খানসহ সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান সরোয়ার ট্রেডার্সকে এই কাজের জন্য নির্বাচন করা হয়। ইকবাল হাসান অভিযোগ করেন, ওই কাজটি না পেয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি ইয়াছিন শরীফ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ ছাত্রলীগের ২০-৩০ জন নেতা-কর্মী তাঁর কার্যালয়ে যান। একপর্যায়ে তাঁকে ও তাঁর অফিস সহকারীকে লাঞ্ছিত করে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত তালাবদ্ধ করে রাখেন।ইউএনও আরিফ আহাম্মদ খান বলেন, নিয়মমাফিক সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে ওই ঠিকাদারকে কাজ দেওয়া হয়। ছাত্রলীগ নেতারা কাজ না পেয়ে পিআইওকে লাঞ্ছিত করেছেন।তবে পিআইও ও তাঁর অফিস সহকারীকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইয়াছিন শরীফ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, তাঁরা ঠিকাদারি কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন। পিআইও উৎকোচ নিয়ে তাঁর পছন্দের কয়েকজনের উপস্থিতিতে লটারির নামে কারচুপির মাধ্যমে সরোয়ার ট্রেডার্সকে কাজটি পাইয়ে দেন। ঠিকাদারেরা বিষয়টি পিআইওর কাছে জানতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে ঠিকাদারেরা তাঁদের কক্ষে তালাবদ্ধ করে রাখেন।