মূল কপি ছাড়া ছাত্রলীগের কর্মীদের কাগজ সত্যায়িত করতে রাজি না হওয়ায় গতকাল সোমবার দুপুরে পরশুরামে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি ইয়াছিন শরীফ ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মহিমের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে হামলা ও ব্যাপক ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গতকাল দুপুরে উপজেলা ছাত্রলীগের সদস্য আবদুল মান্নান ও পৌর ছাত্রলীগের সদস্য মো. সাব্বির পরশুরাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিসে যান। তাঁরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহেদা আলমকে কিছু কাগজপত্র সত্যায়িত করে দিতে বলেন। কিন্তু তিনি মূল কপি না দেখে কোনো কাগজপত্র সত্যায়িত করতে অসম্মতি জানান। পরে উত্তেজিত হয়ে দলবলসহ ছাত্রলীগের নেতারা সাহেদা আলমের কাছে গিয়ে কৈফিয়ত চাইলে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতারা উত্তেজিত হয়ে শিক্ষা কর্মকর্তার অফিসে ব্যাপক ভাঙচুর করেন এবং তাঁর টেবিলের গ্লাস ভেঙে ফেলেন।সাহেদা আলম অভিযোগ করেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে অশ্লীল ভাষায় গালাগাল করেছেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন ছাত্রলীগের নেতারা। তাঁরা বলেন, ওই কর্মকর্তা তাঁদের কর্মীদের অপমান করে বের হয়ে যেতে বলায় তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন। শিক্ষা কর্মকর্তা সাহেদা আলম বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহাম্মদ খানকে জানালে তিনি প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিসে যান। খবর পেয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিনও ঘটনাস্থলে উপস্থিত হন । উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহাম্মদ খান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। উপজেলা পর্যায়ের একজন কর্মকর্তাকে এভাবে অপমান ও লাঞ্ছিত করা এবং অফিস ভাঙচুর করা ঠিক হয়নি। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ফেনীর পুলিশ সুপার ইমাম হোসেনকে জানানো হয়েছে।