ফেনীর পরশুরাম উপজেলা বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপের প্রতিবাদে গতকাল শনিবার সকালে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে। গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা পরশুরাম উপজেলা বিএনপির কার্যালয়ে একটি ককটেল নিক্ষেপ করে। এতে বিএনপির একজন নেতাসহ চারজন আহত হয়েছেন। পরশুরাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব জানান, গত শুক্রবার রাত নয়টার দিকে পরশুরাম উপজেলা বিএনপি কার্যালয়ে বসে কয়েকজন নেতা-কর্মী কথা বলছিলেন। এ সময় দুর্বৃত্তরা দলীয় কার্যালয়ের নেতা-কর্মীদের লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। এতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাফর উল্লাসহ চার নেতা-কর্মী আহত হন। আহত অন্য ব্যক্তিরা হলেন যুবদলের কর্মী সুমন, আবুল খায়ের ও তারা মিয়া। তাঁদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দলীয় কার্যালয়ে ককটেল নিক্ষেপের জন্য তিনি (আবু তালেব) স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের দায়ী করেন। গতকাল শনিবার সকালে দলীয় কার্যালয়ে ককটেল নিক্ষেপের প্রতিবাদে পরশুরাম উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সদরে মানববন্ধন করে এবং স্থানীয়ভাবে সংবাদ সম্মেলন করে এ ককটেল নিক্ষেপের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হয় এবং বোমা হামলায় জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তার ও শাস্তি দাবি করা হয়। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব বাদী হয়ে পরশুরাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপের ঘটনাকে তাদের দলীয় অভ্যন্তরীণ কোন্দল বলে অভিহিত করেন। তিনি জানান, বিএনপি একটি ইস্যু তৈরির চেষ্টা করছে এবং শান্ত পরিবেশ নষ্টের চেষ্টা করছে। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আরশাদ ককটেল বিস্ফোরণে তিনজন সামান্য আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি পুলিশ তদন্ত করছে।