পরশুরামে বিএনপির নির্বাচন বর্জন, কেন্দ্র দখলের অভিযোগ
ফেনীর পরশুরাম উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় সাংবাদিকদের কাছে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী কামাল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে নানা অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ করেন।
আবু তালেব অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীদের সহায়তায় বিএনপির নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের বিভিন্ন ভোটকেন্দ্রে যাওয়ার পথে বাধা দেন। সকাল থেকে তাঁরা ভোটকেন্দ্র দখল করে বিএনপির প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মারা শুরু করেন। গতকাল বুধবার রাতে বিএনপি-সমর্থিত ভোটারদের বাড়িতে ঢুকে কেন্দ্রে যেতে নিষেধ করা হয়। এসবের প্রতিবাদে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এদিকে উপজেলা নির্বাচন চলাকালে ফেনী সদর ও পরশুরাম উপজেলায় বিভিন্ন ভোটকেন্দ্র আওয়ামী লীগের কর্মীদের দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একটি কেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কয়েক জায়গায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোট শুরুর পর সকাল নয়টার দিকে ফেনী সদর উপজেলা ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ঢুকে দুর্বৃত্তরা দুটি ব্যালট বাক্স ও ৬০০ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। এতে প্রায় দেড় ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর আবার ভোট নেওয়া শুরু হয়। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আলা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সকাল ১০টার দিকে ফেনী পৌরসভার সালাহ উদ্দিন উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেন আওয়ামী লীগের কর্মীরা। এ নিয়ে বিএনপির সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই সময় কাজিরবাগ হাইস্কুল কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে আওয়ামী লীগের কর্মীরা ওই কেন্দ্রের নিয়ন্ত্রণ নেন। লস্করহাট এসসি লাহ হাইস্কুল কেন্দ্রও আওয়ামী লীগের কর্মীরা দখলে নেন।
এদিকে সকালে ফেনী জিএ একাডেমি হাইস্কুল কেন্দ্রের মধ্যে শুধু আওয়ামী লীগের কর্মীদের দেখা যায়। সেখানে আওয়ামী লীগের প্রার্থীর এজেন্টদের বিরুদ্ধে ভোটারদের হাত থেকে ব্যালট নিয়ে সিল মারার অভিযোগ করেন ভোটাররা। সকাল নয়টার দিকে বিএনপি-সমর্থিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী জুলেখা বেগম জিএ একাডেমি স্কুল কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তিনি বিএনপির সমর্থিত প্রার্থীর এজেন্টদের জোর করে বের করে দেওয়ার অভিযোগ আনেন।