পরশুরামে বিএনপির নেতা ও কর্মীদের মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি, ভয়ভীতি ও মারধরের অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), সাবেক সাংসদ রেহানা আক্তার এবং জেলা বিএনপি-জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহজাহান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী করার সুযোগ নেই। তবুও দলীয় নেতা-কর্মীরা নির্বাচন করছেন।
আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা, ভয়ভীতি এবং নির্বাচনী প্রচারণায় বাধা প্রসঙ্গে তিনি বলেন, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিজ নির্বাচনী এলাকায় এ অবস্থা হলে সারা দেশে তাদের জুলুম-নির্যাতন কেমন, তা সহজেই অনুমান করা যায়। তিনি সব ভয়ভীতি উপেক্ষা করে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ব্যালটের মাধ্যমে এর দাঁতভাঙা জবাব দেওয়ার আহ্বান জানান।
আবু তালেব অভিযোগ করেন, ৪ ফেব্রুয়ারি পরশুরামে আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগ ও বহিরাগত সন্ত্রাসীরা তাঁকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তাঁর ওপর হামলার ঘটনায় পুলিশ মামলা নেয়নি। অথচ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দায়ের করা চারটি মামলা নিয়েছে পরশুরাম থানার পুলিশ। এতে নাম উল্লেখ ও অজ্ঞাত প্রায় দেড় হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
এদিকে নির্বাচনের মাত্র দুই দিন আগে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে গতকাল সোমবার চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেবকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বক্তব্য দেন অপর তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি মো. আলমগীর মজুমদার ও ওয়াহিদ উল্লা মজুমদার। এদিকে পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন মজুমদার বিএনপি-সমর্থিত প্রার্থীর অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান।