পরশুরামে বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামের একটি বিদ্যালয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।পুলিশ ও বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরশুরাম বালিকা বিদ্যালয়সংলগ্ন পরশুরাম আইডিয়াল স্কুলে (পিআইএস) আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। কিন্তু এর আগেই পুরো বিদ্যালয়ের আধা পাকা ভবন পুড়ে যায়। বিদ্যালয় ভবনের পাশের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী মো. মাসুদ জানান, ভোররাতে শব্দ শুনে তিনি ঘুম থেকে উঠে বাইরে গিয়ে বিদ্যালয়ে আগুন দেখতে পান। আশপাশের লোকজনসহ তিনি আগুন নেভানোর চেষ্টা করেন। পরশুরাম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক জামশেদুল আলমের অভিযোগ, দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত শেষ রাতে পেট্রল ঢেলে বিদ্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির ফুলগাজী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) দেওয়ান ছাদেক বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে নিশ্চিত হয়েছেন যে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগেনি। ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের পরিচালক মো. ফারুক বলেন, বেসরকারি এই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। তিনি বলেন, আগুনে প্রায় আট লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।