পরশুরামে বেড়িবাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত
ফেনীর পরশুরামে অবিরাম বর্ষণ ও উজানে পাহাড়ি নদীর পানির চাপে মুহুরী নদীর দুটি স্থানে বেড়িবাঁধ ভেঙে চিথলিয়া ইউনিয়নের পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ফসল ও পুকুরের মাছ ভেসে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের অবিরাম বর্ষণ ও উজানের পানির চাপে মুহুরী নদীর পানি বেড়ে গিয়ে উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর ধনিকুন্ডা এবং মধ্যম ধনিকুন্ডা গ্রামের দুটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এ কারণে ইউনিয়নের পাঁচটি গ্রামের প্রায় দুই হাজার ঘর-বাড়ি পানিবন্দী হয়ে আছে। শনিবার রাত ১০টার দিকে মুহুরী নদীর দুই কিলোমিটার দূরত্বে দুটি স্থানে ভাঙনের কারণে ধনিকুন্ডা, উত্তর ধনিকুন্ডা, মধ্যম ধনিকুন্ডা, নোয়াপুর ও চিথলিয়া গ্রামের প্রায় দুই হাজার ঘরবাড়ি পানিবন্দী হয়ে পড়ে। এ ছাড়া পাঁচটি গ্রামে দেড় শতাধিক পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। রাস্তার ওপর পানি থাকায় ধনিকুন্ডা বাজারের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে আছে। স্কুল ও ধনিকুন্ডা বাজারের ওপর দিয়ে রাতে পানি প্রবাহিত হলেও দুপুরে বাজার থেকে পানি নেমে গেছে। উত্তর ধনিকুন্ডা গ্রামের মো. ইলিয়াছ ও সফিকুল ইসলাম জানান, ‘রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে ঘরে পানি ঢুকে পড়ে। ঘর থেকে বেরিয়ে দেখি চারদিকে শুধু পানি আর পানি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে গেছে।’ সফিকুল ইসলাম জানান, তাঁর দুটি পুকুরের মাছ ভেসে গেছে। চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, দুটি স্থানে বেড়িবাঁধ ভাঙনের কারণে প্রায় দুই হাজার ঘরবাড়ি পানিবন্দী অবস্থায় রয়েছে। এ ছাড়া দেড় শতাধিক পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। মুহুরী নদীর বেড়িবাঁধ ভাঙন ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহামঞ্চদ খান, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান। উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান জানান, বন্যার পানিতে প্রায় ১৫০টি পুকুরের মাছ ভেসে গেছে। আরিফ আহামঞ্চদ খান জানান, বর্তমানে পানি কমতে শুরু করেছে। এখনো বেশ কিছু ঘরবাড়ি পানিবন্দী অবস্থায় রয়েছে।